শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষিকার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ প্রতিনিধি:aমুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বারৈখালীতে গতকাল মঙ্গলবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সোনিয়া আফরোজ (৩৫) নামের এক কলেজশিক্ষিকার মৃত্যু হয়েছে। এতে আরও ২০ জন যাত্রী আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১২টার দিকে বৈশাখী পরিবহনের একটি বাস ঢাকা থেকে মুন্সিগঞ্জে যাচ্ছিল। পথে বারৈখালী বাসস্ট্যান্ডের অদূরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের দক্ষিণ পাশের খাদে পড়ে যায়। এতে উপজেলার খাররা আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক সোনিয়া আফরোজসহ আরও ২০ জন যাত্রী আহত হন। গুরুতর আহত সোনিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়েছে। এদিকে এ ঘটনায় ওই কলেজের বিক্ষুব্ধ ছাত্ররা বারৈখালী-ঢাকা সড়কে চলাচলকারী আট-দশটি গাড়ি ভাঙচুর করেছে। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।