শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কেওটচিরা এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে গতকাল রোববার রাতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেল ও নছিমনের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। নিহত চারজনের মধ্যে তিনজনই মোটরসাইকেল আরোহী। অপরজন নছিমনের যাত্রী। নিহত ব্যক্তিরা হলেন মোটরসাইকেল আরোহী কেরানীগঞ্জের আবদুল্লাহপুরের ইমদাদ (১৭), দক্ষিণ কেরানীগঞ্জের স্বপন (২০), সোনাকান্দা এলাকার ইমন (১৭) ও নছিমনের যাত্রী শ্রীনগরের লিটন (৪০)। পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে সাতটার দিকে ঢাকা থেকে মাওয়াগামী ট্রাক (ঢাকা মেট্রো-ন-৬৭০৯) শ্রীনগরের কেওটচিরা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী রাস্তায় ছিটকে পড়েন এবং মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এরপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই স্থানেই দাঁড়িয়ে থাকা একটি নছিমনকে ধাক্কা দিলে তা উল্টে যায়। এতে নছিমনের ছয় যাত্রী গুরুতর আহত হন।ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ইমদাদ মারা যান। শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মোটরসাইকেলের আরোহী স্বপন ও নছিমনের যাত্রী লিটনের মৃত্যু হয়। ঢাকায় নেওয়ার পথে মারা যান মোটরসাইকেলের অপর আরোহী ইমন। নছিমনের আহত যাত্রীদের শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-মাওয়া মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ ট্রাকটিকে আটক করলেও এর চালককে আটক করতে পারেনি। এ ব্যাপারে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান রাতে প্রথম আলোকে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত চারজনের লাশ তাঁদের স্বজনেরা নিয়ে গেছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ট্রাকচালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।