শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় ১০ স্কুলছাত্রী আহত
মুন্সিগঞ্জের শ্রীনগরে বাস-নছিমন মুখোমুখি সংঘর্ষে হাসাড়া কালি কিশোর উচ্চবিদ্যালয়ের ১০ ছাত্রী আহত হয়েছে। গতকাল সোমবার ঢাকা-মাওয়া মহাসড়কের হাসাড়া বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা প্রায় এক ঘণ্টা ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে রাখে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুরে হাসাড়া বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় পিরোজপুর থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্কুলছাত্রী রহিমা, মুক্তি, সেতু, রুপা, অরিণ, নিপাসহ অন্তত ১০ ছাত্রী আহত হয়। এ সময় ক্ষুব্ধ জনতা ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে এবং কয়েকটি বাস ভাঙচুর করে। পরে শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানারা বেগম, এএসপি সাইফুল ইসলাম এবং শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে সড়কে গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয়।