শ্রীনগরে 'বিদ্রোহী' নিয়ে বিপাকে আওয়ামী লীগ ও বিএনপি
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও ভাইস চেয়ারম্যান পদে বিএনপি ‘বিদ্রোহী’ প্রার্থী নিয়ে বিপাকে পড়েছে। আবার একক প্রার্থী থাকায় চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী ও ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী সুবিধাজনক অবস্থানে রয়েছেন। দুই দলই কেন্দ্রীয় নেতাদের দিয়ে অনুরোধ করালেও ‘বিদ্রোহী’ প্রার্থীরা সরে দাঁড়াননি।
দলীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে বর্তমান ভাইস চেয়ারম্যান ও শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সেলিম আহমেদ ভূঁইয়া এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক জাকির হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে আওয়ামী লীগ থেকে সেলিম আহমেদকে সমর্থন দেওয়া হয়েছে।
শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন বলেন, ‘একাধিকবার বৈঠক করেও আমরা বিদ্রোহী প্রার্থীকে বসাতে পারিনি। কেন্দ্রীয় নেতাদের দিয়ে তাঁকে অনুরোধ করিয়েছি। কিন্তু তিনি কোনো কথা শুনছেন না। তিনি সরে না দাঁড়ালে এখানে বিএনপির প্রার্থীর জন্য ভালো হবে। আমরা এ কথাটা তাঁকে বোঝাতে পারছি না।’
তবে ‘বিদ্রোহী’ প্রার্থী জাকির হোসেন অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থকেরা তাঁর নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছেন।
বিএনপির একাধিক নেতা জানান, ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী দেওয়ার জন্য ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ১৮ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন। ওই বৈঠকে দুই ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সেলিম হোসেন খান ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আওলাদ হোসেন ওরফে উজ্জ্বলসহ জেলার নেতারা উপস্থিত ছিলেন। কিন্তু কেন্দ্রীয় নেতারা ওই দুজনের মধ্যে সমঝোতা সৃষ্টি করতে ব্যর্থ হয়েছেন।
আওলাদ হোসেন দাবি করেন, ‘সেলিম হোসেন আমার বড় ভাই। কেন্দ্রীয় নেতারা বিএনপি থেকে আমাকেই প্রার্থী করার জন্য জেলার নেতাদের বলেছেন।’
সেলিম হোসেন খান দাবি করেন, ‘নির্বাচন হলেই কার জনপ্রিয়তা কত তা প্রমাণিত হবে। আওলাদ হোসেন অল্প কিছু ভোট পাবেন। এ জন্য আমি তাঁকে আমাকে সমর্থন দেওয়ার জন্য অনুরোধ করেছি।’
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে আছিয়া আক্তার এবং বিএনপি থেকে উপজেলা মহিলা দলের সভাপতি জাহানারা বেগম প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ ভোটাররা জানান, এই পদে আওয়ামী লীগ ও বিএনপির একক প্রার্থী থাকায় হাড্ডাহাড্ডি লড়াই হবে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, শ্রীনগর উপজেলায় মোট এক লাখ ৮৯ হাজার ৭৫২ জন ভোটার আছেন। এর মধ্যে পুরুষ ৯৫ হাজার ৬২৮ এবং মহিলা ৯৪ হাজার ১২৪ জন।
উপজেলা নির্বাহী ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহানারা বেগম জানান, উপজেলায় অধিক ঝুঁকিপূর্ণ ২৯টি এবং ঝুঁকিপূর্ণ হিসেবে ২৮টি কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার এখানে নির্বাচন হবে।