শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার আত্মহত্যা
মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজী রেজাউল হক (৫৬) গতকাল বুধবার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তাঁর পৈতৃক বাড়ি যশোর সদরের শেখহাটি গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে মাগুরায় বসবাস করতেন।নিহত চিকিৎসক রেজাউল হকের স্ত্রী কাজী জিন্নাতুন ফাতিমা শিরিন জানান, তাঁর স্বামী মঙ্গলবার রাত ১১টার দিকে ঘুমাতে যান। ভোরে উঠে ফজরের নামাজ পড়েন। প্রতিদিনের মতো গতকাল সকালেও বাড়িতে রোগী আসতে থাকে। কিন্তু সকাল সোয়া সাতটা বেজে গেলেও রেজাউলের কোনো খবর না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির চতুর্থ তলার শৌচাগারের গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। গলায় তার পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।পারিবারিক সূত্রে জানা যায়, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে রেজাউলের সংসার। ছেলে এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছে। মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন।রেজাউলের অবসর প্রস্তুতিকালীন ছুটিতে যাওয়ার কথা ছিল। এই নিয়ে ও পারিবারিক কারণে বেশ কিছুদিন ধরে তিনি মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন। গত মাস থেকে ঢাকার একজন মনোরোগ বিশেষজ্ঞের অধীনে চিকিৎসাধীন ছিলেন তিনি। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব খান জানান, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবু লাশের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্ত দলের সদস্য মাগুরার সিভিল সার্জন শফিকুল আলম জানান, রেজাউল হতাশায় ভুগছিলেন। ময়নাতদন্তে তাঁর আত্মহত্যা করার বিষয়টি প্রমাণিত হয়েছে। এ ব্যাপারে সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি জানান।