শ্রীপুর ও কাপাসিয়ায় শিশুসহ দুজন খুন
গাজীপুরের শ্রীপুর ও কাপাসিয়া উপজেলায় গত বুধবার পৃথক ঘটনায় এক যুবক ও এক মেয়েশিশু খুন হয়েছে।নিহত ব্যক্তিরা হলো শ্রীপুরের নিজ মাওনা গ্রামের শামীম ফকির (৩০) ও কাপাসিয়ার রামপুর টঙ্গীরটেক এলাকার ফজলুল হকের মেয়ে ফাহিমা (৬)। শামীমের ভাই সাইদুল হক ফকির বলেন, ‘বুধবার বিকেলে পূর্ব নিজ মাওনা গ্রামের নতুন বাজারে জমি নিয়ে বিরোধের জের ধরে গ্রামের তোতা ফকিরের ছেলে খোরশেদ ফকির ও সফিকুল ফকির এবং তাদের সহযোগী ফজলুল হক ফকির আমাকে পিটিয়ে আহত করে। খবর পেয়ে ছোট ভাই শামীম আমাকে রক্ষা করতে এলে হামলাকারীরা তাকেও পিটিয়ে গুরুতর আহত করে।’সাইদুল বলেন, ‘পরে এলাকাবাসী আমাদের দুজনকে প্রথমে মাওনা চৌরাস্তা আল-হেরা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে শামীমের মৃত্যু হয়।’এ ব্যাপারে শ্রীপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আজাহারুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের বড় ভাই সাইদুল হত্যা মামলা করেছেন। ঘটনার পর থেকে হামলাকারীরা বাড়ি ছেড়ে পালিয়েছে।কাপাসিয়ার রামপুর টঙ্গিরটেক এলাকাবাসীর ভাষ্যমতে, বুধবার রাতে টঙ্গিরটেকের ফজলুল হকের বাড়ির লোকজন তারাবির নামাজ পড়তে মসজিদে যান। ওই সময় ফজলুলের ছেলে শিশির (২৫) পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সৎমা মুসলিমার সঙ্গে ঝগড়া করেন। পরে শিশির দা দিয়ে মুসলিমাকে উপর্যুপরি কোপাতে থাকেন। মাকে রক্ষার জন্য সৎভাই শিশিরকে বাধা দেন বোন ফাহিমা। শিশির তাকেও এলোপাতাড়ি কোপাতে থাকেন। একপর্যায়ে ফাহিমাকে কোলে তুলে বাড়ির পাশের ডোবায় ফেলে দেন শিশির এবং ‘চোর, চোর’ বলে দা নিয়ে দৌড়ে পালিয়ে যান। শিশিরের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে ফাহিমার মৃতদেহ ডোবা থেকে উদ্ধার করে এবং তার মা মুসলিমাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফাহিমাকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হওয়ায় মুসলিমাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপাসিয়া থানার এএসআই মো. আফতাব উদ্দিন গতকাল রাতে প্রথম আলোকে বলেন, আহত মুসলিমাকে নিয়ে তাঁর স্বামী ফজলুল হক ঢাকা মেডিকেলে ব্যস্ত থাকায় তিনি এখনো মামলা করতে পারেননি।