শ্রীপুর ও সাভারে দুজনকে হত্যা
গাজীপুরের শ্রীপুর উপজেলায় মো. ফয়েজ মোল্লা (৪২) নামের এক কারখানা কর্মকর্তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
ঢাকার সাভারে নির্মাণাধীন নিজ বাড়িতে খুন হয়েছেন আমেনা বেগম (৬৫) নামের এক নারী। গত সোমবার রাতে পুলিশ তাঁর গলাকাটা লাশ উদ্ধার করে।
শ্রীপুরে নিহত ফয়েজ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দরিকান্দি গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে। তিনি ১৫ বছর ধরে শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া এলাকায় নিজ বাড়িতে বসবাস করছেন।
পরিবার ও পুলিশের ভাষ্যমতে, ফয়েজ মেঘনা সাইকেল নামের একটি কারখানায় সুপারভাইজার পদে চাকরি করতেন। পাশাপাশি তিনি কারখানার পরিত্যক্ত কাপড়ের (ঝুট) ব্যবসা করতেন। গত সোমবার বিকেলে তিনি কাজ শেষ করে কারখানার পাশের একটি চায়ের দোকানে চা পান করেন এবং সেখানেই ক্যারম বোর্ড খেলেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফয়েজ দোকান থেকে চলে যান।
রাত ১০টার দিকে ফয়েজের স্ত্রী অরুনা বেগম ছোট ভাই হাফেজ মোল্লাকে জানান, তাঁর বড় ভাই এখনো বাড়ি ফেরেননি। এ খবর শুনে হাফেজ মোল্লা বিভিন্ন স্থানে খোঁজ শুরু করেন। রাত দেড়টার দিকে বেড়াইদেরচালা এলাকায় একটি মাঠের পাশে ফয়েজের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন তিনি। পুলিশ গতকাল ভোর পাঁচটার দিকে লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সাভারে নিহত আমেনা বেগম কাউন্দিয়া ইউনিয়নের পাঁচকনিয়া গ্রামের মৃত আবদুর রউফের স্ত্রী। তাঁদের চার ছেলের সবাই স্ত্রী-সন্তান নিয়ে সৌদি আরবে থাকেন। সম্প্রতি হজ পালন করে দেশে ফেরেন আমেনা। নির্মাণাধীন বাড়ির নিচতলায় একাই থাকতেন তিনি।
সাভার মডেল থানার পুলিশ ও স্বজনেরা জানান, রোববার সন্ধ্যা সাতটার দিকে আমেনাকে বাড়ির উঠানে পায়চারি করতে দেখা গেছে। এরপর তাঁকে দেখা যায়নি। সোমবার দিনভর তাঁর দেখা না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। কিন্তু ঘরের দরজাও বন্ধ থাকায় তাঁদের পক্ষে কোনো কিছু আঁচ করা সম্ভব হয়নি। তাঁরা বিষয়টি পাশের গ্রামে বসবাসরত আমেনার ভাই আলমগীর হোসেনকে জানান। সোমবার রাত নয়টার দিকে আলমগীর ওই বাড়িতে যান। এ সময় জানালার কাচ দিয়ে বোনকে গলাকাটা অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সাভার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমেনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।