গাজীপুরের শ্রীপুরের ত্রিমোহনী বিডি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সুমন মিয়ার (১৪) খুনিদের গ্রেপ্তারের দাবিতে তার সহপাঠী, শিক্ষক ও অভিভাবকেরা মানববন্ধন করেছেন। গতকাল রোববার দুপুরে বিদ্যালয়ের সামনে শ্রীপুর-বরমী সড়কে ওই মানববন্ধন করা হয়।
এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় স্কুলছাত্র রাফায়েত ইসলাম শান্তর মৃত্যুর ঘটনায় একই সময়ে শোকর্যালি ও মানববন্ধন করে স্থানীয় বিভিন্ন স্কুল, মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসী।
শ্রীপুরে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নিহত সুমনের বাবা আবুল কালাম। তিনি বলেন, মামলার পর পুলিশ মাত্র এক দিন ঘটনাস্থলে গিয়েছিল। মামলার তদন্তে কোনো অগ্রগতি নেই। এলাকাবাসী মামলার প্রধান আসামি সাগরকে আটক করে পুলিশে দিয়েছে। কিন্তু পুলিশ অন্য আসামিদের ধরছে না।
মানববন্ধন শেষে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় ইউএনও আজিজ হায়দার ভূঁইয়ার কাছে তারা স্মারকলিপি দেয়।
রাফায়েতের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল দুপুরে সোনারগাঁ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কয়েক হাজার শিক্ষার্থী ও শিক্ষক শোকর্যালি ও মানববন্ধনে অংশ নেন। পরে সোনারগাঁয়ের ইউএনও ও থানার ওসির কাছে স্মারকলিপি দেন জিআর ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
সোনারগাঁ পৌরসভার ভট্টপুর এলাকার জয়নাল তাঁর আখখেতে চুরি রোধে চারদিকে বিদ্যুতের তার টেনে দেন। গত বৃহস্পতিবার রাতে বিদ্যুতের তারে জড়িয়ে জিআর ইনস্টিটিউশনের নবম শ্রেণীর ছাত্র রাফায়েতের মৃত্যু হয়। এ ঘটনায় জয়নালসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।