শ্রীপুর-কালিয়াকৈর সড়ক দুই ঘণ্টা অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুরে গতকাল বৃহস্পতিবার একটি পিকনিক বাসের ধাক্কায় পাঁচ স্কুল শিক্ষার্থীসহ সাতজন আহত হয়। বাসটি বহুমুখী উচ্চবিদ্যালয় এবং মাওনা জে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষার্থীদের বহনকারী অটোরিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা শ্রীপুর-কালিয়াকৈর সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে। বাসটি শ্রীপুরের মেঘনা শিল্প গ্রুপের শ্রমিকদের নিয়ে স্থানীয় সী-গাল পার্কে পিকনিকে যাচ্ছিল। আহতরা হলো দশম শ্রেণীর শিক্ষার্থী তানিম আহমেদ, সপ্তম শ্রেণীর স্বপন ও মেহেদী, চতুর্থ শ্রেণীর তুষঞ্চী, পঞ্চম শ্রেণীর লিয়ন, অভিভাবক বীণা আক্তার (৩৫) ও অটোরিকশাচালক (৩০)। আহতদের মধ্যে স্বপন, তুষঞ্চী ও লিয়নকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, মেহেদীকে ঢাকা এবং অন্যদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে শিক্ষার্থীরা বিদ্যুৎচালিত একটি অটোরিকশায় করে স্থানীয় সলিং মোড় থেকে বিদ্যালয়ে যাচ্ছিল। পথে মাওনা বাজারের পাশে পাথারপাড়া সেতুর কাছে পিকনিকের ওই বাসটি বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা ওই সাতজন আহত হয়। ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায়। অন্যদিকে ওই দুই স্কুলের অন্য শিক্ষার্থীরা ও এলাকাবাসী পিকনিক বাসটিকে সলিং মোড় এলাকায় আটক করে ভাঙচুর করে। পরে চালকের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা ওই সড়ক অবরোধ করে রাখে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান জানান, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ও শিক্ষক এবং মেঘনা শিল্প গ্রুপের কর্তৃপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। চালক পলাতক থাকলেও বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। গত বুধবার দিবাগত রাত ১০টায় শ্রীপুরের ২ নম্বর সিঅ্যান্ডবি বাজারে ঢাকাগামী কয়লাভর্তি ট্রাক ও শ্রীপুরগামী যাত্রীবাহী প্রভাতী বনশ্রী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ যাত্রী আহত হয়। মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রইস উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করলেও আহতের সংখ্যা জানাতে পারেননি। তবে পরিবহন দুটি পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান।