গাজীপুরের শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আপন কুমার মজুমদারের গুলিভর্তি পিস্তল খোয়া যাওয়ার ঘটনায় গতকাল বৃহস্পতিবার তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।পুলিশ জানায়, এসআই আপন কুমার মজুমদার সপরিবারে শ্রীপুর পৌরসভার সাব-রেজিস্ট্রার কার্যালয়ের পাশের একটি ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকেন। গত মঙ্গলবার সকালে তাঁর ফ্ল্যাট থেকে গুলিভর্তি একটি পিস্তল, একটি ডিজিটাল ক্যামেরা, দুই হাজার টাকা ও একটি সোনার চেইন খোয়া যায়। এ কথা উল্লেখ করে ওই দিনই থানায় একটি চুরির মামলা করেন আপন। গতকাল পর্যন্ত পিস্তলসহ খোয়া যাওয়া মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ।নাম প্রকাশ না করার শর্তে শ্রীপুর থানার একাধিক পুলিশ কর্মকর্তা জানান, এসআই আপনের সঙ্গে শ্রীপুরের বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীর সখ্য রয়েছে। তিনি অন্য কোথাও পিস্তল হারিয়ে বাসা থেকে চুরির ঘটনা প্রচার করছেন। অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন এসআই আপন। তিনি বলেন, তাঁর বাসা থেকে পিস্তলটি চুরি হয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় গতকাল প্রথম আলোকে বলেন, ‘পিস্তল উদ্ধারে আমাদের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে। আশা করছি, উদ্ধার করা যাবে। পিস্তল হারানোর ঘটনায় অবহেলার কারণে এসআই আপনকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।’