শ্রীপুর থেকে অসলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সফল সাহিদা আক্তার l ছবি: প্রথম আলো
সফল সাহিদা আক্তার l ছবি: প্রথম আলো

নবম শ্রেণিতে পড়ার সময় পরপর দুই বার বিয়ে ঠিক হয়েছিল মেয়েটির। নিজেই তখন সাহসের সঙ্গে ঠেকিয়েছে নিজের বাল্যবিবাহ। এরপর গ্রামের অন্য শিশুদের নিয়ে আরও কয়েকটি বাল্যবিবাহ বন্ধ করে। গ্রামে তখন থেকেই আলোচিত সাহিদা আক্তার স্বর্ণা। এই আলোচনাই তাকে ২০১৪ সালে নিয়ে যায় নরওয়ের রাজধানী অসলোতে অনুষ্ঠিত শিশু ও নারীবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে।

অসলোর আন্তর্জাতিক সম্মেলনে সাহিদা তুলে ধরে তার জীবনের গল্প। সেখানে উপস্থিত ছিলেন নরওয়ের প্রধানমন্ত্রী এর্না সোলবার্গ। সাহিদা বলল, ‘আমার মুখে নিপীড়িত শিশুদের সচেতন করে তোলার গল্প শুনে প্রধানমন্ত্রী আমাকে “বাংলার মালালা ইউসুফজাই” বলে উল্লেখ করেন।’
গ্রামের আট-দশজন সাধারণ মেয়ের মতোই সাহিদা আক্তারের জীবনের গল্প। গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদীঘি গ্রামের তোতা মিয়ার মেয়ে। তবে নিজের অদম্য ইচ্ছার কারণেই সাহিদা আক্তার এখন গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে প্রাণিবিদ্যা বিভাগে স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্রী।

অপয়া!
সাহিদা আক্তারের পরিবারের কাছ থেকে জানা গেল, অভাবের সংসার তাদের। একটি ছেলেসন্তানের আশায় পরপর পাঁচজন কন্যাসন্তান জন্ম নেয়। তাদের মাকে ‘অপয়া’ আখ্যা দিয়ে বাবা দ্বিতীয় বিয়ে করেন। মেয়েদের পড়ালেখার খরচ চালাতে পারবেন না বলে বড় মেয়েকে বাল্যকালেই বিয়ে দিয়ে দেন। দ্বিতীয় ও তৃতীয় মেয়ের বিয়েও হয় অপ্রাপ্তবয়স্ক অবস্থায়। এরপর বাবা চতুর্থ মেয়ে সাহিদা আক্তারের বিয়ের দিনক্ষণ ঠিক করেন। তখন সাহিদা নবম শ্রেণির ছাত্রী। বেঁকে বসে সে। রুখে দেয় নিজের বাল্যবিবাহ। কিছুদিন পর আবার।
শুধু নিজের নয়, গ্রামের যেখানেই বাল্যবিবাহ, সেখানেই ঝাঁপিয়ে পড়ত সাহিদা আক্তার। কখনো কন্যাশিশুর মা-বাবাকে বুঝিয়ে, আবার কখনোবা সে শিক্ষক, জনপ্রতিনিধি অথবা প্রশাসনের সহযোগিতায় বন্ধ করে বাল্যবিবাহ।

অসলোর সম্মেলনে সাহিদা
অসলোর সম্মেলনে সাহিদা

শ্রীপুর থেকে নরওয়ে
সাহিদা নিজের লেখাপড়ার পাশাপাশি দরিদ্র শিশুদের লেখাপড়া করানো ও সমাজের উন্নয়নমূলক কাজের সঙ্গে জড়িয়ে পড়ে। সেই সময়ে সে যুক্ত হয় উপজেলার ‘বারতোপা গোলাপ শিশু ক্লাবের’ সঙ্গে। পরবর্তী সময়ে সিংগারদীঘি গ্রামে ৩০ জন শিশুকে নিয়ে নিজেই গড়ে তোলে ‘সূর্যমুখী শিশু ক্লাব’। পাশাপাশি সে যোগ দেয় প্ল্যান বাংলাদেশ ইন্টারন্যাশনালের শিশু সুরক্ষা প্রকল্পে। ২০১২ সালে মাওনা ইউনিয়ন শিশু ফোরামের সভাপতি নির্বাচিত হয় সে। তাদের কাজ দেখতে ২০১৪ সালের শুরুর দিকে নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া ও নরওয়ে থেকে প্রতিনিধিদল আসে। ওই বছরের অক্টোবরে নরওয়ের রাজধানী অসলোতে তিন দিনের শিশু ও নারীবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়। ওই সম্মেলনে আলোচক হিসেবে নির্বাচিত হয় সাহিদা আক্তার। নরওয়ে যাওয়ার খবর পেয়ে সাহিদা অবাক হয়ে যায়। এই খবর পৌঁছে যায় নিজ গ্রামে এবং পুরো উপজেলায়। ওই প্রতিষ্ঠানের মাধ্যমে পাসপোর্ট তৈরি করা হয়। ২০১৪ সালের ৯ অক্টোবর সে পৌঁছায় নরওয়ের রাজধানী অসলোতে। সম্মেলনে যোগ দেয় সে, সেখানে ইংরেজিতে বক্তব্য দেয়। সাহিদার ওপর তৈরি করা একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় ওই সম্মেলনে।

এগিয়ে চলা
সাহিদা আক্তার প্রথম আলোকে বলে, ‘আমি গ্রামের শিশুদের নিয়ে বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াই। মানুষের বাড়িতে গিয়ে উঠান বৈঠক করে গ্রামের মানুষদের সচেতন করি। বাল্যবিবাহের কুফল সম্পর্কে কথা বলি। গ্রামের মানুষ আমার কাছে প্রতিজ্ঞা করেন তাঁদের সন্তানদের বাল্যবিবাহ দেবেন না।’ বাল্যবিবাহের কুফল নিয়ে কয়েকটি নাটিকাও করেছে সে। যখনই খবর আসে অন্য গ্রামে বাল্যবিবাহ হচ্ছে, দেরি না করে তখনই সেখানে ছুটে যায় তার সহযোদ্ধাদের নিয়ে। নিজেরা সেখানে বোঝাতে ব্যর্থ হলে খবর দেয় এলাকার চেয়ারম্যান, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা বা নির্বাহী কর্মকর্তাকে। একই সঙ্গে তারা গ্রামের মানুষদের স্বাস্থ্যসচেতনতা এবং স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করতে উদ্বুদ্ধ করে।
গাজীপুরের সফিপুর আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা মো. হাবিবুর রহমান বলেন, দৃঢ় বিশ্বাস আর লক্ষ্য মানুষকে তার গন্তব্যে পৌঁছে দেয়। এতে বয়স কোনো বাধা হয়ে দাঁড়ায় না। প্ল্যান বাংলাদেশ ইন্টারন্যাশনালের গাজীপুর জেলা সমন্বয়কারী আব্দুল কুদ্দুস জানান, বিকজ আই অ্যাম আ গার্ল এবং অসলো ফ্রিডম ফোরাম কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সাহিদা আক্তার বক্তব্য দেয়।

শিশুরাই খবর দেয়
অনেক দিন ধরেই তার বাড়ির আশপাশের ৩০ জন শিশুকে লেখাপড়া করায় সাহিদা। এসব শিশুর কাছে স্বর্ণার মুঠোফোন নম্বর আছে। এ ছাড়া শিশু ক্লাবের সদস্যদের কাছেও তার নম্বর রয়েছে। তাদের কাছ থেকেই বাল্যবিবাহের খবর পায় এবং ছুটে যায় বিয়ে বন্ধ করতে। বাল্যবিবাহ বন্ধ করার সময় তাকে একঝাঁক শিশু সহযোগিতা করে।
সিংগারদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম জানান, গত ১৩ নভেম্বর রাতে সিংগারদীঘি গ্রামের আবু সাঈদের মেয়ে শিশু নীলিমা আক্তারের (১০) বিয়ে হচ্ছিল। এ বছর তার প্রাথমিক সমাপনী পরীক্ষা। সাহিদা ও তার শিশুদল নিয়ে বিয়েবাড়িতে গিয়ে হাজির হয় এবং তাদের বাল্যবিবাহ সম্পর্কে জানায়। এরপর সেই বাল্যবিবাহ বন্ধ হয়ে যায়। সাহিদা আক্তার এর আগে নিজের বাল্যবিবাহসহ আশপাশের গ্রামের ৩০টি বাল্যবিবাহ বন্ধ করেছে।

মা–বাবার সঙ্গে
মা–বাবার সঙ্গে

সরেজমিন সিংগারদীঘি গ্রাম
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা থেকে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া সড়ক দিয়ে কয়েক কিলোমিটার গেলই কাওরান বাজার। এই বাজার থেকে দক্ষিণ দিকে গেলে চোখে পড়ে মাটির তৈরি একটি ঘর। সেখানে লোকজনকে জিজ্ঞেস করতেই সাহিদা আক্তারের বাড়ি দেখিয়ে দিলেন। বাড়ির সামনের ঘরটি মাটির তৈরি। ভেতরে আরেকটি মাটির ঘরে তার থাকার ঘর। ঘরে থাকে দুটি খাটের একটিতে সাহিদা ও তার ছোট বোন রোমানা আক্তার থাকে, আরেকটায় মা। ঘরে একটি শোকেসে শোভা পাচ্ছে সাহিদার অর্জিত বেশ কিছু পদক।

মহিলাবিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ২০১৩ সালে শ্রীপুর উপজেলার শ্রেষ্ঠ জয়িতা নারী হিসেবে পুরস্কার পায় সাহিদা। ২০১৪ সালে ‘নির্যাতনের বিভীষিকা ভুলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী’ বিভাগে উপজেলার শ্রেষ্ঠ জয়িতা হয়েছে ।

মা শরিফুন নেছা বললেন, ‘মেয়ের কাজটা আগে পাগলামি মনে হতো। এখন ভালো লাগে। তাই ও কোথাও বাল্যবিবাহ বন্ধ করতে গেলে আমি ওর সঙ্গে যাই, বাবা-মায়েদের বুঝাই। শুধু আমি না, ওর বাবাও সঙ্গে যায়।’ বাবা তোতা মিয়া স্বীকার করলেন অন্য মেয়েদের বাল্যবিবাহ দিয়ে অনেক ভুল করেছেন।

তবু এগিয়ে যেতে হবে
সাহিদা আক্তার বলল, ‘বাবার কোনো আয় নেই, তিনি ছোট মায়ের সঙ্গে অন্য বাড়িতে থাকেন। আমরা যে বাড়িতে থাকি, সেখান থেকে প্রতিদিন ক্লাসে যেতে প্রায় ১০০ টাকা খরচ হয়। সেই ১০০ টাকা জোগাড় করাই কষ্টকর। তাই বেশির ভাগ সময়ই ক্লাসে যাই না।’ বাড়ির পাশের শিশুদের বাড়িতে পড়ায় সাহিদা। এসব শিশুর পরিবার মাসে তাকে ১০০ টাকা করে বেতন দেয়। এর মধ্যে দরিদ্র পরিবারের ৫ শিশুকে বিনা বেতনে পড়ায়। ওই শিশুদের কাছ থেকে পাওয়া টাকা দিয়েই তার কিছু খরচ চলে। সাহিদা বলে, ‘যত কষ্টই হোক, বাল্যবিবাহ বন্ধের জন্য সংগ্রাম করব এবং নিজের লেখপড়াও চালিয়ে যাব।’