শ্রীপুর পৌর মেয়রের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভার আদায় করা করের প্রায় ৪৪ লাখ টাকা আত্মসাতের মামলায় গাজীপুরের শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমানসহ দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার কমিশন এ অভিযোগপত্র অনুমোদন দেয়।
বিষয়টি নিশ্চিত করে দুদক সূত্র প্রথম আলোকে বলেছে, আগামী সপ্তাহে এ অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে।
যাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হচ্ছে তাঁরা হলেন শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর ও সাবেক হিসাবরক্ষক (বর্তমানে গাজীপুর সিটি করপোরেশনে কর্মরত) আবদুল মান্নান।
মামলার তদন্ত সূত্র বলেছে, অভিযুক্ত ব্যক্তিরা পরস্পর যোগসাজশে ২০১০ সালের ডিসেম্বর থেকে ২০১৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত আদায় করা করের ৪৩ লাখ ৭৫ হাজার ১৩৭ টাকা আত্মসাৎ করেন। পৌরসভার রসিদে ওই অর্থ আদায় করলেও তা সরকারি তহবিলে জমা দেওয়া হয়নি।