শ্রীপুর পৌর মেয়রসহ দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভার আদায় করা করের প্রায় ৪৪ লাখ টাকা আত্মসাতের মামলায় গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমানসহ দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অপরজন হলেন‍ শ্রীপুর পৌরসভার সাবেক হিসাব রক্ষক (বর্তমানে গাজীপুর সিটি করপোরেশনে কর্মরত) আব্দুল মান্নান। আজ বৃহস্পতিবার কমিশন এ অভিযোগপত্র অনুমোদন দেয়। 

অভিযোগপত্র অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে দুদক সূত্র প্রথম আলোকে জানিয়েছে, আগামী সপ্তাহে এ অভিযোগপত্র বিচারিক আদালতে দাখিল করা হবে।
মামলার তদন্ত সূত্র জানিয়েছে, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে ২০১০ সালের ডিসেম্বর থেকে ২০১৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত আদায় করা করের ৪৩ লাখ ৭৫ হাজার ১৩৭ টাকা আত্মসাৎ করেন। পৌরসভার রসিদে ওই অর্থ আদায় করলেও তা সরকারি তহবিলে জমা দেওয়া হয়নি। দুদকের উপসহকারী পরিচালক মো. ইকবাল হোসেন মামলাটি তদন্ত করেন।
এর আগে ২০১৪ সালের ১৭ জুলাই মেয়রসহ তিনজনের বিরুদ্ধে ৫২ লাখ ৩ হাজার ৩১২ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের উপসহকারী পরিচালক মো. ফখরুল ইসলাম শ্রীপুর থানায় তিনটি মামলা করেছিল দুদক। পরে একজনকে অপর মামলা অভিযোগপত্র দেওয়া হয়। এর মধ্যে তিন নম্বর মামলার অভিযোগপত্র অনুমোদন করা হলো বৃহস্পতিবার।
অন্য মামলা দুটির বিষয়ে দুদক জানিয়েছে, ২০০২ সালের নভেম্বর থেকে ২০০৪ সাল পর্যন্ত মেয়র আনিছুর রহমান পৌরসভার রসিদের মাধ্যমে ৯২ হাজার ৯৭৫ টাকা আদায় করে তা পৌর তহবিলে জমা না দিয়ে আত্মসাৎ করেন। এই মামলাটিতে মেয়রকে এককভাবে অভিযুক্ত করা হয়েছে।
২০০৯ সালে বাজার ইজারার ভ্যাট ও ট্যাক্সের ৭ লাখ ৩৫ হাজার ২শ টাকা পৌর তহবিলে জমা না দিয়ে আত্মসাৎ করার অভিযোগ আনা হয় দ্বিতীয় মামলায়। এ মামলায় মেয়রসহ তিনজনকে আসামি করা হয়েছে।