শ্রীপুর-মাওনা সড়কজুড়ে খানাখন্দ, দুর্ভোগ
শ্রীপুর-মাওনা সড়কের খানাখন্দের কারণে যানবাহন চলছে ঝুঁকি নিয়ে। পাশাপাশি মানুষকে পোহাতে হচ্ছে দুর্ভোগ।সরেজমিনে দেখা গেছে, সড়কের কোনো কোনো স্থানে ফুটপাতের পর্যাপ্ত জায়গাও নেই। মাওনা চৌরাস্তার অধিবাসী ফাহিম হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, শ্রীপুর-মাওনা উপজেলা সংযোগ সড়কটি ছাড়া ইউনিয়ন সড়কগুলোতেও এখন আর পানি নেই। কিন্তু এ সড়কের পানি যেন শেষ হতেই চায় না। এ পানি কোনো দিন শেষ হবে বলে মনে হয় না।এ সড়কের পাশে সিএনজি ওয়ার্কশপের মালিক মো. ওয়াসিম জানান, সড়কের পাশের বাড়িগুলোর কয়েকজন মালিকের কারণে সড়কটির অধিকাংশ জায়গায় পানি জমে থাকে। বাড়ির মালিকেরা সড়কের কয়েকটি স্থানে নিজেরাই ডাস্টবিন তৈরি করে ময়লা-আবর্জনা ফেলছেন। পরিষ্কার না করায় দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে। পথচারীরা সেসব জায়গায় নাকে রুমাল দিয়ে হাঁটছে।বেড়াইদেরচালা গ্রামের মো. মোস্তফা কামাল প্রধান বলেন, সড়ক সংস্কারের নামে গত দুই মাস আগে এ সড়কে ইট-বালি ফেলায় বর্তমানে তা আরও দুর্ভোগ সৃষ্টি করছে। চাষ করার পর জমি শুকিয়ে গেলে যেমন হয়, সড়কটির অধিকাংশ স্থানের বর্তমান অবস্থা এখন তেমনই। যানবাহন তো দূরের কথা, মানুষের স্বাভাবিক চলাচলও কষ্টসাধ্য হয়ে পড়েছে।মাওনা চৌরাস্তার মোটরসাইকেল গ্যারেজের মালিক সাইফুল ইসলাম জানান, মাওনা চৌরাস্তা থেকে শ্রীপুর পর্যন্ত সাত কিলোমিটার দূরত্বের সড়কটি অতিক্রম করতে আগে লাগত ১০ থেকে ১২ মিনিট। সড়কের প্রায় পুরো অংশজুড়ে খানাখন্দ থাকায় এখন সময় লাগছে কমপক্ষে আধা ঘণ্টা।এ ব্যাপারে গাজীপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম শফিকুল আলম জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নির্মাণকাজ শেষ হলে মাওনা-শ্রীপুর উপজেলা সড়কটির সংস্কারকাজ শুরু হবে।