শ্রীপুর-মাওনা সড়কে আবারও যান চলাচল বন্ধ
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় কয়েকটি বড় গর্তের কারণে শ্রীপুর-মাওনা সড়কে সব ধরনের যান চলাচল গতকাল বুধবার থেকে আবারও বন্ধ হয়ে গেছে।খানাখন্দের কারণে তিন মাস ধরে শ্রীপুর থেকে মাওনা চৌরাস্তা পর্যন্ত প্রায় সাত কিলোমিটার সড়কে যাতায়াত করতে দুর্ভোগ পোহাচ্ছে শ্রীপুরবাসী। গত মঙ্গলবার এই সড়কে ভারী যান চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল থেকে হালকা যান চলাচলও বন্ধ হয়।মাওনা চৌরাস্তার অধিবাসী আলহাজ আবুল কালাম আজাদ বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সঙ্গে উপজেলা সদরের সংযোগ রক্ষাকারী এই সড়ক দিয়ে উপজেলাবাসী অসহায়ের মতো চলাচল করছে। টানা বৃষ্টির কারণে গত পাঁচ দিন এই সড়ক দিয়ে কোনো যানবাহন চলাচল করেনি। মাঝে বিরতি দিয়ে আবার দুই দিন ধরে যান চলাচল বন্ধ রয়েছে। যাত্রীরা দুই দিন ধরে বিকল্প পথে শ্রীপুর থেকে মাওনা চৌরাস্তায় যাচ্ছে।উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুর রউফ বলেন, এই সড়কের পাশে কোনো নালা নেই। পানি নিষ্কাশনের কোনো জায়গা না থাকায় বৃষ্টি না থাকলেও জলাবদ্ধতা দেখা দেয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ নাগ বলেন, ‘সড়কটি মেরামতের জন্য জেলা উন্নয়ন পরিষদের সভায় কয়েকবার প্রস্তাব রেখেছি। কোনো কাজ হয়নি।’