শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৪০ ঘর ছাই
মাগুরার শ্রীপুর উপজেলার মহেশপুর গ্রামে গত শুক্রবার অগ্নিকাণ্ডে ১৮টি পরিবারের অন্তত ৪০টি ঘর পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে পাঁচজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, গত শুক্রবার বেলা দুইটার দিকে মহেশপুর গ্রামের চরপাড়ার আরব আলী মোল্লার স্ত্রী তসলিমা খাতুন রান্না করছিলেন। এ সময় অসাবধানতাবশত রান্নাঘরের বেড়ায় আগুন লেগে যায়। বাতাস থাকায় মুহূর্তে ওই আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। প্রায় এক ঘণ্টা পর মাগুরা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় চরপাড়ার আরব আলী, সাইদুল, নূর আলম, আরিফুর, আজম, পিকুল, আকিদুল ফকিরসহ ১৮টি পরিবারের অন্তত ৪০টি ঘর ভস্মীভূত হয়।
নূর আলম বলেন, ‘আগুন নেভাতে গিয়ে আমরা চার-পাঁচজন আহত হয়েছি। ঘরের আসবাব, ধান-চাল, মালামাল সব পুড়ে গেছে। এতে আমাদের কমপক্ষে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’ মাগুরা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই। তবে দূরের পথ হওয়ায় সেখানে পৌঁছাতে দেরি হয়েছে। অগ্নিকাণ্ডে ৬০-৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।’