মাগুরা বিএনপির দুই পক্ষ গতকাল বুধবার সকালে শ্রীপুর উপজেলা শহরের একটি মাঠে কর্মী সম্মেলন আহ্বান করায় প্রশাসন ওই মাঠ ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনা মাসুদ উজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে একই কারণে গত মঙ্গলবার সদর ও মহম্মদপুর উপজেলায় বিএনপির দুটি কর্মিসভায়ও ১৪৪ ধারা জারি করা হয়েছিল।জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমেদ জানান, নিষেধাজ্ঞার কারণে ঘোষিত স্থানে কর্মিসভা করা সম্ভব না হওয়ায় তাঁরা দুপুরে শ্রীপুরের গোপালপুর মাদ্রাসা প্রাঙ্গণে সভা করেছেন। সভায় কেন্দ্রীয় সহসভাপতি সেলিমা রহমানসহ জেলা বিএনপির নেতারা বক্তব্য দেন। তবে বিএনপির বিদ্রোহী পক্ষ কোনো কর্মসূচি পালন করেনি।নবগঠিত মাগুরা জেলা কমিটি বাতিলের দাবিতে জেলা বিএনপির বিদ্রোহী পক্ষ মাঠে নেমেছে। তারা ওই কমিটির বিরুদ্ধে নানা কর্মসূচি পালন করে আসছে।দলের কেন্দ্রীয় সহসভাপতি সেলিমা রহমান বলেন, ‘দলের মধ্যে ক্ষোভ-বিক্ষোভ থাকবেই। সব ঠিক হয়ে যাবে।’ তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই ১৪৪ ধারা দিয়ে কর্মিসভা বানচালের চেষ্টা করেছে। আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার খোঁড়া অজুহাতে প্রশাসন পরিকল্পিতভাবে নির্ধারিত কর্মিসভাস্থলে ১৪৪ ধারা জারি করে।