শ্রীপুরে অবৈধ জিংক কারখানা উচ্ছেদ একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুরে মারাত্মক দূষণ সৃষ্টিকারী একটি অবৈধ জিংক কারখানা উচ্ছেদ করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকালে এলাকাবাসীর সহায়তায় উপজেলার কেওয়া পশ্চিমখণ্ড এলাকার ‘ইমাম মেটাল’ কারখানা উচ্ছেদ করা হয়। সেখান থেকে দূষণ সৃষ্টিকারী বিপুল পরিমাণ মালামাল জব্দ করা হয়। ওই কারখানার ব্যবস্থাপক চান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া পরিবেশ আইন অমান্য করার দায়ে ওই কারখানা থেকে সাত লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এলাকাবাসী জানান, কারখানাটি থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া নানাভাবে পরিবেশের ক্ষতি করছিল। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (কার্যকরীকরণ) মো. মুনীর চৌধুরী বলেন, জব্দ করা মালামালের মধ্যে রয়েছে প্রতিটি পাঁচ কেজির ১২৮ বস্তা সিসা, প্লাস্টিক বর্জ্য ১৫০ বস্তা, অ্যালুমিনিয়াম ৫০ বস্তা। অভিযানের সময় কারখানার বিভিন্ন কক্ষে আগুনের চুল্লি জ্বলছিল। এ সময় হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে জব্দকৃত বর্জ্যের কিছু অংশ পুড়ে যায়। অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান, র্যাব-২-এর সহকারী পরিচালক বশীর আহমেদ ও স্থানীয় কয়েকজন পৌর কাউন্সিলর উপস্থিত ছিলেন।