শ্রীপুরে আ.লীগ প্রার্থীর প্রার্থিতা বাতিলের আবেদন
গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনিছুর রহমানের প্রার্থিতা বাতিলের আবেদন করা হয়েছে। হলফনামায় মামলাসংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে এ আবেদন করা হয়।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (জগ প্রতীক) আহসান উল্লাহ গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে এই আবেদন করেন।
লিখিত আবেদনে উল্লেখ করা হয়েছে, মেয়র পদপ্রার্থী আনিছুর রহমান শ্রীপুর থানার মামলা নম্বর ৩৮(৭)১৪, ধারা ৪০৯, ১০৯ দণ্ডবিধির তৎসহ দুর্নীতি প্রতিরোধ ২ নম্বর আইনের ৫(২) ধারা—এই দুটি মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি। এ ছাড়া শ্রীপুর থানার মামলা নম্বর ৩৭ (৭)১৪, ধারা ৪০৯, ১০৯ দ.বি. তৎসহ দুর্নীতি প্রতিরোধ ২ নম্বর আইনের ৫(২) ধারার মামলাটিও তদন্তাধীন রয়েছে। কিন্তু আনিছুর রহমান কমিশন বরাবর দাখিল করা হলফনামায় মামলার ধারা ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ দণ্ডবিধি উল্লেখ করেছেন। কিন্তু অভিযোগপত্রের ধারাগুলো ৪০৯, ১০৯ দণ্ডবিধিসহ দুর্নীতি প্রতিরোধ ২ নম্বর আইনের ৫(২) ধারা। এমতাবস্থায় অভিযোগপত্রভুক্ত ফেরারি আসামি হওয়ায় ও হলফনামায় তথ্য গোপন করে অসত্য তথ্য প্রদান করায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন অনুযায়ী তাঁর প্রার্থিতা বাতিল করা আবশ্যক বলে তিনি উল্লেখ করেছেন।