শ্রীপুরে আ.লীগ-সমর্থিত ও বিদ্রোহী পক্ষের সংঘর্ষ, আহত ৫০
গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাচনের আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর লোকজনের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। এ সময় দুই পক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে।
শ্রীপুর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হলেন ইকবাল হোসেন ওরফে সবুজ। তিনি বর্তমানে এই উপজেলার চেয়ারম্যান। বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আবদুল জলিল। তিনি শ্রীপুরের তেলিহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল আলম প্রধান প্রথম আলোকে জানান, আজ সকাল ১০টার দিকে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে একটি সভার আয়োজন করা হয়। এ সভায় একক প্রার্থী চূড়ান্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল।
সভা চলাকালে জলিল পক্ষের লোকজন অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। এ সময় দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয় এবং তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এতে সভা পণ্ড হয়ে যায়।
দুপুর ১২টার দিকে দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা ও অস্ত্র নিয়ে আবার সংঘবদ্ধ হয়ে শ্রীপুর বাজারের চৌরাস্তা মোড়ে জড়ো হয়। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও গুলিবিনিময় হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, খবর পেয়ে বেলা সোয়া একটার দিকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহত ব্যক্তিদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গুরুতর আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর শ্রীপুর বাজারের সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। শ্রীপুর বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।