শ্রীপুরে আ.লীগের নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
গাজীপুরের শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের ওপর হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার মাওনা চৌরাস্তায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রলীগ।সভায় বক্তারা বলেন, ৭২ ঘণ্টার মধ্যে মোস্তাফিজুর রহমানের ওপর হামলাকারী দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করা না হলে শ্রীপুরের সব ধরনের যোগাযোগব্যবস্থা অচল করে দেওয়া হবে। উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শ্রীপুর পৌরসভার মেয়র আনিসুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। শ্রীপুর থানার ওসি নাজমুল হাসান ভূঁঞা বলেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার রাতে উপজেলার শৈলাট গ্রামের মজিবুর নামের এক ব্যক্তির নেতৃত্বে একদল লোক মোস্তাফিজুরের ওপর হামলা চালায়। এ ঘটনায় গতকাল ১৫ জনকে আসামি করে মামলা করা হয়। পরে মজিবুরসহ তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামিপক্ষের আইনজীবী জানান, আদালত আসামিদের জামিনের আবেদন মঞ্জুর করেছেন।