শ্রীপুরে আগুন আতঙ্কে হুড়োহুড়ি আহত ১৫
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার গিলারচালা গ্রামে মেঘনা গ্রুপের মেঘনা নিট কম্পোজিট লিমিটেড নামের কারখানায় আগুন-আতঙ্কে হুড়োহুড়িতে ১৫ জন নারী পোশাকশ্রমিক আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।আহত নারী শ্রমিকদের মধ্যে ১০ জনের নাম জানা গেছে। তাঁরা হলেন: শিল্পী আক্তার (২৪), লোকমান হোসেন (২৭), মুন্নি আক্তার (১৯), মালা বেগম (২৩), আমেনা আক্তার (২১), খাদিজা বেগম (২৫), পলি আক্তার (২২), রাশেদা বেগম (২৫), নুরুন্নাহার (২৬) ও সালমা আক্তার (২৫)। গুরুতর আহত শিল্পী ও লোকমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয় মাওনা চৌরাস্তা এ কে মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন।কারখানার কর্মকর্তা মীর মঈন হুসাইন বলেন, কারখানার ষষ্ঠ তলার কাটিং শাখার টিউবলাইট বিস্ফোরিত হলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে সুইং শাখার ১৫ জন নারী শ্রমিক আহত হন। পরে কারখানায় ছুটি ঘোষণা করা হয়।