শ্রীপুরে আগুনে ৪০ ঘর পুড়ে ছাই
মাগুরার শ্রীপুর উপজেলার মহেশপুর গ্রামের চরপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি পরিবারের অন্তত ৪০টি ঘর পুড়ে গেছে হয়েছে। আজ শুক্রবার দুপুরে এ অগ্নিকাণ্ড ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, রান্নার ঘরে চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবারগুলো দাবি করেছে।
প্রত্যক্ষদর্শী ও দমকল কর্মীরা প্রথম আলোকে জানান, দুপুর দুইটার দিকে মহেশপুর গ্রামের আরব আলী মোল্লার স্ত্রী তসলিমা খাতুন রান্না করার সময় অসাবধানতাবশত ঘরের বেড়ায় আগুন লেগে যায়। রান্নার ঘরটি বাঁশ ও ছন দিয়ে তৈরি। বাতাস থাকায় মুহুর্তে ওই আগুন আশেপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। ঘনবসতিপূর্ণ ওই পাড়ায় পরিবারগুলো প্রায় লাগোয়া বাড়িতে বসবাস করেন। এ সময় স্থানীয়রা আগুন নেভার চেষ্টা করে ব্যর্থ হন। পরে মাগুরা থেকে দমকল কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। প্রায় তিন ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষণে চরপাড়ার ১৭টি পরিবারের কমপক্ষে ৪০টি ঘর ভস্মিভূত হয়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন আরব আলী মোল্লা, আকিদুল ফকির, সাইদুল মোল্লা, আরিফুর মোল্লা, আজম মোল্লা, পিকুল মোল্লা, মাজেদ মোল্লা, মকসেদ মোল্লা, নূর আলম মোল্লা, মশিউল মোল্লা, আসাদ মোল্লা, আজিজ মোল্লা, ওসমান মোল্লা, মুনছের মোল্লা, পান্নু মোল্লা, ফারুক মোল্লা, মিন্টু মোল্লা ও শহর আলী মোল্লা।
ক্ষতিগ্রস্ত পিকুল মোল্লা প্রথম আলোকে বলেন, ‘আমাদের সব শেষ হয়ে গেছে। কিছুই নেই। গরু-ছাগল আর কিছু বড় বড় মালামাল বের করতে পেরেছি। তা ছাড়া সবই পুড়ে ছাই হয়ে গেছে। আমরা সবাই এখন খোলা আকাশের নিচে বাস করছি।’
নূর আলম বলেন, ‘আগুনে নেভাতে গিয়ে আমরা চার-পাঁচজন আহত হয়েছি। কিন্তু পানির অভাবে আগুন নেভানো যায়নি। ঘরে আসবাবপত্র, ধান-চাল, মালামাল সব পুড়ে গেছে। আগুনে গাছপালা পর্যন্ত পুড়ে গেছে। এতে আমাদের কমপক্ষে কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।’
মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ‘খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই। তবে দূর থেকে পানি সংগ্রহ করে এনে আগুন নেভাতে অসুবিধায় পড়তে হয়েছে। অনেকে গরু-ছাগল বা অন্য বড় বড় মালামাল জীবনের ঝুঁকি নিয়ে বের করে ফেলেছিলেন। তারপরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।’ তিনি বলেন, অগ্নিকাণ্ডে আনুমানিক ৬০-৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।