গাজীপুরের শ্রীপুরে ভোটার তালিকা হালনাগাদের কাজ নিয়ে দুই শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে গতকাল রোববার বিক্ষোভ করেছে এলাকাবাসী। এ সময় তারা স্থানীয় একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়েও তালা লাগিয়ে দেয়।শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, রাজাবাড়ী ইউপি চেয়ারম্যান কুতুব উদ্দিন আহমেদ শনিবার ধলাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম আজাদ ও লক্ষ্মীপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিদ্যুৎ চন্দ্র মল্লিককে তাঁদের এলাকার বাইরেও ভোটার তালিকা হালনাগাদের কাজ করার নির্দেশ দেন। এতে তাঁরা অপারগতা প্রকাশ করলে কুতুব উদ্দিন তাঁদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী বেলা ১১টার দিকে ওই ইউপি কার্যালয়ে তালা লাগিয়ে দেয় এবং কুতুব উদ্দিনের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ নাগ বলেন, তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। চেয়ারম্যানের অসৌজন্যমূলক আচরণের জন্য বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা ইউপি কার্যালয়ের তালা খুলে দেয়। তবে কুতুব উদ্দিন বলেন, ‘ওই দুই শিক্ষক আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। তাঁদের লাঞ্ছিত করার কোনো ঘটনা ঘটেনি। যারা বিক্ষোভ করেছে, তারা একটি বিশেষ মহলের লোক।’