শ্রীপুরে ইটভাটা উচ্ছেদের দাবিতে গ্রামবাসীর বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর গ্রাম থেকে একটি ইটভাটা উচ্ছেদের দাবিতে গতকাল রোববার গ্রামবাসী মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।গতকাল বিকেল চারটার দিকে এসএসএল অটো ব্রিকসের সামনে মানববন্ধন শেষে গ্রামবাসী বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও ইটভাটার সামনে মিলিত হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ হয়।গ্রামবাসীর অভিযোগ ইটভাটার ধোঁয়ার কারণে পরিবেশদূষণের পাশাপাশি মানুষের নানা রোগব্যাধি হচ্ছে। ফসলি জমির ক্ষতি হচ্ছে। কৃষক সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এক বছর আগে তাঁর ঘরের ছাউনি দেওয়া টিনের রং ঝলসে গেছে। দেখে মনে হয় ৭০ বছরের পুরোনো টিন।’কৃষক দুলাল মিয়া, ফারুক হোসেন ও কামাল হোসেন বলেন, জমিতে এখন আর আগের মতো ফসল হয় না। তাঁরা বলেন, গ্রামের শিশুরা শ্বাসকষ্টে ভুগছে।গ্রামের কিষানি ধনী বেগম, মমতাজ বেগম ও নাজমুন্নাহার বলেন, নারকেলগাছের ডাবের ভেতরে পানি থাকে না। গাছের পাতা মরে বাদামি রং ধারণ করছে।ফারুক হোসেন বলেন, ইটভাটায় ইট উৎপাদনের সময়, বিশেষ করে সন্ধ্যার পর পড়তে বসলে চোখে চুলকানি হয়, পানি ঝরে। গ্রামবাসী বলেন, ইটভাটার মালিককে একাধিকবার বলেও লাভ হয়নি। ইটভাটার ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন গ্রামবাসীর লিখিত অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি গুরুত্বসহকারে দেখতে বলা হয়েছে। তিনি ইতিমধ্যে তদন্ত করেছেন। তদন্তে পরিবেশ আইনবিরোধী কোনো কিছু পাওয়া গেলে ইটভাটার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’