শ্রীপুরে এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার
গাজীপুরের শ্রীপুর উপজেলার ভুতুলিয়া গ্রামে গত বৃহস্পতিবার রাতে গাছে ঝুলন্ত অবস্থায় সাবিনা ইয়াসমিন (১৬) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিল। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, প্রায় ছয় মাস আগে উপজেলার জৈনা বাজারের আবদুল করিমের ছেলে সাহাব উদ্দিনের সঙ্গে পারিবারিকভাবে কাবিন হয় সাবিনার। ৭ এপ্রিল তাকে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়ার কথা ছিল। কাবিন হওয়ার পর থেকেই প্রতিবেশী নজরুল ইসলামের ছেলে রুবেল মেয়েটিকে উত্ত্যক্ত করতে থাকে। বৃহস্পতিবার দুপুরের দিকে রুবেল ও তার সহযোগী নাজমুল সাবিনাদের বাড়িতে আসে। মেয়েটির সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে ছেলে দুটি চলেও যায়। ওই সন্ধ্যায়ই বাড়ির জামগাছে পরনের ওড়না পেঁচানো অবস্থায় মেয়েটির লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠায়। সাবিনার বাবা শফিকুল ইসলাম গতকাল শুক্রবার জানান, রুবেল বিভিন্ন সময়ে উত্ত্যক্ত করত বলে মেয়ে তাঁর কাছে অভিযোগ করেছিল। এরপর তিনি রুবেলকে এ কাজ না করতে অনুরোধ করেন। বিয়ে ভেঙে যাওয়ার আশঙ্কায় বিষয়টি আর কাউকে জানাননি। বৃহস্পতিবার বাড়িতে যখন কেউ ছিল না, তখন রুবেল সহযোগী নাজমুলসহ একটি স্কুটার নিয়ে তাদের বাড়িতে আসে। শফিকুল বাড়িতে ঢুকে দেখতে পান, সাবিনার সঙ্গে রুবেলের তর্কাতর্কি চলছে। তাঁকে দেখে ছেলে দুটি স্কুটার নিয়ে চলে যায়। বিয়ে করলে সমস্যা হবে জানিয়ে রুবেল হুমকি দিয়েছে বলে সাবিনা তাঁকে জানায়।