গাজীপুরের শ্রীপুর উপজেলার গিলারচালা এলাকার তিনটি কারখানায় বকেয়া ও চলতি মাসের বেতন ঈদুল আজহার আগে পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। গতকাল মঙ্গলবার সকাল আটটার দিকে তিনটি কারখানার শ্রমিকেরা ঐক্যবদ্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে শিল্পাঞ্চল পুলিশের সদস্যরা শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেন।কারখানাগুলো হলো মিরাকেল ইন্ডাস্ট্রিজ, মাস্টারপ্যাক ও টেকনো ইকোনমি লিমিটেড। কারখানাগুলোতে পলিপ্রপাইলিন ও ব্যাগ উৎপাদন করা হয়। শ্রমিকেরা অভিযোগ করেন, এই তিনটি কারখানায় ১২ ঘণ্টা বাধ্যতামূলক কাজ করিয়ে আট ঘণ্টার বেতন দেওয়া হয়। প্রতি মাসেই বেতন আদায়ের জন্য বিক্ষোভ করতে হয়। বিক্ষোভের সময় পুলিশ দিয়ে হয়রানি করা হয়। শিল্পাঞ্চল পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শরীফুল ইসলাম জানান, গত সোমবার কর্মবিরতি শুরু করলে শিল্পাঞ্চল পুলিশের মধ্যস্থতায় মিরাকেল ইন্ডাস্ট্রিজের বেতন পরিশোধের আশ্বাসে ওই দিন বিকেলে শ্রমিকেরা কাজে যোগ দেন। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে আটটার দিকে একই মালিকানাধীন তিনটি কারখানার শ্রমিকেরা ঐক্যবদ্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেন।মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, মহাসড়ক অবরোধের খবর পেয়ে মাওনা হাইওয়ে থানা ও শিল্পাঞ্চল পুলিশের সদস্যরা সেখানে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেন। গতকাল দুপুরের পর থেকে শ্রমিকেরা কাজে যোগ দিলে মাস্টারপ্যাক ও টেকনো ইকোনমি লিমিটেডের শ্রমিকদের সেপ্টেম্বর মাসের বেতন দেওয়া হয়। এ ব্যাপারে মিরাকেল কারখানার ঢাকা প্রধান কার্যালয়ের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক আমিনুল হক সাংবাদিকদের জানান, শ্রমিক অসন্তোষের বিষয়টি নিষ্পত্তি হয়েছে। কিছুসংখ্যক শ্রমিক ও স্থানীয় কিছু লোক কারখানার ভেতরে অন্য শ্রমিকদের উসকানি দিয়ে অচলাবস্থার সৃষ্টি করে থাকেন। রপ্তানিসংক্রান্ত বিষয়ের কারণে অর্থ জোগান না থাকায় বেতন পরিশোধ করতে কিছুটা বিলম্ব হয়েছে।