শ্রীপুরে ওসির বিরুদ্ধে ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান ভুঞা বারবার অনুপস্থিত থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন কমিটির সভাপতিসহ সদস্যরা। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় তাঁরা এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ নাগ।কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন তাঁর উপজেলায় গত মাসে কয়টি চাঁদাবাজির মামলা এবং কয়টি হত্যার উদ্দেশ্যে হামলার মামলা হয়েছে, তা সভাপতির কাছে জানতে চান। সভাপতি তাঁর কাছে কোনো তথ্য না থাকার কথা স্বীকার করেন।সভাপতি বলেন, গত কয়েকটি সভায় ওসি নাজমুল হাসান ভুঞা অনুপস্থিত ছিলেন। এ সভায়ও তিনি অনুপস্থিত থাকায় ক্ষুব্ধ হয়ে ইউএনও সভা শেষ করতে উদ্যত হন। সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অভিযোগ করেন, উপজেলায় বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটলেও মামলা হয়েছে মাত্র একটি।এ ব্যাপারে শ্রীপুর থানার ওসি নাজমুল হাসান ভুঞা জানান, তিনি বিশ্ব ইজতেমার দায়িত্ব পালন করতে যাওয়ায় সভায় থাকতে পারেননি।