শ্রীপুরে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে সেনাসদস্য গ্রেপ্তার
শ্রীপুরে কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানার পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে সেনাসদস্য শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় অপহূত কলেজছাত্রীর বাবা মোস্তফা বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। শ্রীপুর থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম ও অপহূত ছাত্রীর পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিড়বাড়ি গ্রামের ফজর আলীর ছেলে কর্মস্থল থেকে পলাতক সেনাসদস্য শাকিল আহমেদ (২৪) ৭ জুন গভীর রাতে মুলাইদ এলাকার মোস্তফার কলেজপড়ুয়া মেয়েকে (১৬) বাড়ি থেকে প্রাইভেটকারযোগে অপহরণ করে নিয়ে যান। এ সময় তাঁকে বাধা দেওয়ায় ওই সেনাসদস্য অপহূতার মাকে মারধর করেন।অপহূতা মাওনা পিয়ার আলী কলেজের প্রথম বর্ষের ছাত্রী। অপহূতাসহ শাকিলের ঠাকুরগাঁও থাকার খোঁজ পেয়ে বিয়ের কথা বলে অপহরণের সাত দিন পর কৌশলে অপহূতার বাবা মেয়েকে উদ্ধার করে অপহরণকারীকে বাড়িতে নিয়ে আসেন। পরে অপহূতার বাবা শ্রীপুর থানার পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ সেনাসদস্য শাকিল আহমেদকে গ্রেপ্তার করে শ্রীপুর থানায় নিয়ে আসে।