শ্রীপুরে কাপড় তৈরির কারখানায় ডাকাতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার বহেরারচালা গ্রামে গত বৃহস্পতিবার গভীর রাতে কেএসএস নিট কম্পোজিট নামের একটি কাপড় তৈরির কারখানায় ডাকাতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, রাতের আঁধারে একদল দুর্বৃত্ত সুতা, তৈরি কাপড় ও খুচরা যন্ত্রাংশ লুটে নিয়েছে। এ সময় দুর্বৃত্তদের হামলায় কারখানার এক নিরাপত্তাকর্মীসহ চারজন আহত হয়েছেন।কারখানার চেয়ারম্যান হেমায়েত করিম জানান, বৃহস্পতিবার রাত তিনটার দিকে কারখানার সীমানাপ্রাচীর টপকে ৩০-৩৫ জন সশস্ত্র দুর্বৃত্ত কারখানা চত্বরে ঢুকে নিরাপত্তাকর্মীদের ওপর হামলা চালায় এবং তাদের হাত-পা বেঁধে রাখে। ধারালো অস্ত্রের আঘাতে চারজন আহত হন। দৃর্বৃত্তরা কারখানার ভেতরে ঢুকে কর্মরত ১৫-২০ জন শ্রমিক-কর্মচারীর হাত-পা বেঁধে অস্ত্রের মুখে নগদ পাঁচ লাখ টাকা, ৭৫ টন সুতা, ২০ টন ফেব্রিকস, ৩০ হাজার সুচসহ প্রায় পাঁচ কোটি টাকার মালামাল লুট করে। পরে তাদের নিয়ে আসা দুটি কাভার্ডভ্যানে মালামাল তুলে দ্রুত এলাকা ত্যাগ করে।কারখানার আহত প্রশাসনিক কর্মকর্তা আবুল হোসেন (৪৫), তত্ত্বাবধায়ক নূরুল ইসলাম (৪০) ও নিরাপত্তাকর্মী আব্বাস আলীকে (৪২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভুঁইয়া জানান, ঈদুল আজহার ১০-১৫ দিন আগে ওই কারখানার কর্মকর্তা ইউনুস আলীসহ বেশ কয়েকজন কর্মীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনে কর্তৃপক্ষ তাদের চাকরিচ্যুত করে। এর জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।