শ্রীপুরে কারখানা শ্রমিকের অগ্নিদগ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রাম থেকে রুমা আক্তার নামের এক কারখানা শ্রমিকের অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বেলা একটার দিকে রুমার লাশ ভাড়া বাসা থেকে উদ্ধার করে পুলিশ। রুমার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাইলনা গ্রামে। আড়াই বছর আগে গফরগাঁও উপজেলার মশাখালী গ্রামের রুবেল মিয়ার সঙ্গে তাঁর বিয়ে হয়। মুলাইদ গ্রামের ভিয়েলা টেক্সটাইলে চাকরি করতেন। পাশের কক্ষের ভাড়াটে এবং একই কারখানার শ্রমিক বানেছা খাতুন (৪০) প্রথম আলোকে বলেন, ‘রুমা তাঁর কক্ষে একাই ছিলেন। ভোর পাঁচটার দিকে রুমার (১৯) চিৎকার শুনে ঘুম ভেঙে যায়। পরে ঘরের সিলিং সরিয়ে দেখি, রুমার জামাকাপড় ও চুলে আগুন জ্বলছে। একপর্যায়ে ঘরের সিলিং টপকে রুমার ঘরে ঢুকে দরজা খুলে দিই। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় রুমার শরীরে পানি ঢেলে আগুন নেভানো হয়। ততক্ষণে রুমা মারা যায়।’শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক জানান, রুমার লাশ আগুনে পুড়ে বিকৃত হয়ে গেছে। ময়নাতদন্তের আগে তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ ঘটনায় মামলা হয়েছে।