শ্রীপুরে কেন্দ্র দখল, জাল ভোট
গাজীপুরের শ্রীপুর পৌরসভায় গতকাল বুধবার কেন্দ্র দখল করে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থীর কর্মীরা জাল ভোট দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী ও বেশ কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরে শ্রীপুরের মাওনা বহুমুখী উচ্চবিদ্যালয় মহিলা কেন্দ্র দখল ও ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করেন আওয়ামী লীগের প্রার্থীর কর্মীরা। এ সময় তাঁদের সঙ্গে বিএনপির প্রার্থীর কিছু কর্মীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। তখন ওই কেন্দ্রের ভোটারদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে ভোট নেওয়া প্রায় ২০ মিনিট বন্ধ ছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে ভোট নেওয়া আবার শুরু হয়।
বিএনপির মেয়র প্রার্থী মো. শহিদুল্লাহ অভিযোগ করেন, ‘মাওনা বহুমুখী উচ্চবিদ্যালয়-২ কেন্দ্রে জাল ভোট হচ্ছে এমন অভিযোগ রিটার্নিং কর্মকর্তাকে জানাই। এর পরিপ্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই কেন্দ্রে গিয়ে ব্যালটের মুড়ি পরীক্ষা করে দেখেন, ৪৫টি ব্যালটের মুড়ির অংশে পোলিং কর্মকর্তার সই নেই। তাতে ভোটারদেরও স্বাক্ষর-টিপসই ছিল না।’ ৮ নম্বর ওয়ার্ডের ভোটার মমতাজ বেগম, আলেকা, আকলিমা, আনোয়ারা বেগম, শুক্কুরী বেগমসহ অনেকেই ওই মহিলা কেন্দ্রে ভোট দিতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে গেছেন।
৮ নম্বর ওয়ার্ডের বিএনপি-সমর্থিত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বলেন, নারীদের জন্য নির্ধারিত ওই কেন্দ্রে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিলে তাঁকেসহ অনেকের ওপর হামলা চালান আওয়ামী লীগের মেয়র প্রার্থীর কর্মী জাহাঙ্গীর ফকির ও তাঁর সঙ্গীরা। এ সময় তিনিসহ (নজরুল) অনেকেই আহত হন। উত্তেজনা ছড়িয়ে পড়লে অনেক ভোটার কেন্দ্র ছেড়ে চলে যান। এ অবস্থায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পুরুষ কর্মীরা ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মেরে বাক্সে ফেলেন।
গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন বলেন, ‘কেন্দ্রে গিয়ে জাল ভোট দেওয়ার প্রমাণ পাই। এ সময় ওই কেন্দ্রে পোলিং কর্মকর্তার সিল ও স্বাক্ষরবিহীন এবং ভোটারদের স্বাক্ষর ও টিপসইবিহীন ৪৫টি ব্যালটের মুড়ি পেয়ে ওই সব নম্বরের ভোট বাতিল করা হয়।’
জয়দেবপুর থানার পরিদর্শক (আপারেশন) মাহমুদুল হাসান বলেন, আওয়ামী লীগের কিছু কর্মী ওই মহিলা কেন্দ্রে ঢোকার চেষ্টা করলে তাঁদের সরিয়ে দেওয়া হয়। তবে জাল ভোটের কোনো ঘটনা ঘটেনি।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে।