শ্রীপুরে গণপিটুনিতে 'ডাকাত' নিহত, সংঘর্ষে আহত ২
গাজীপুরের শ্রীপুর উপজেলায় গণপিটুনিতে এক ‘ডাকাত’ নিহত এবং ডাকাতদের সঙ্গে সংঘর্ষে দুই গ্রামবাসী আহত হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার ডুমনী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম সোহেল রানা (৩৩)৷ তিনি শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার বাসিন্দা। আহত ব্যক্তিরা হলেন সুধন চন্দ্র (৪০) ও মানিক চন্দ্র (৩৬)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে আট-নয়জন ডাকাত উপজেলার ডুমনী গ্রামের সিঙ্গাপুরপ্রবাসী অরুণ দাসের বাড়িতে সিঁধ কেটে ঢোকার চেষ্টা করে। টের পেয়ে বাড়ির লোকজন দরজা খুলে ভয়ে পালিয়ে যায়৷ এ সুযোগে ডাকাতেরা ঘরে ঢুকে কয়েক ভরি স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে। এ সময় বাড়ির লোকজন মুঠোফোনে বিষয়টি প্রতিবেশীদের জানায়। খবর পেয়ে প্রতিবেশীরা চারদিক থেকে ডাকাতদের ঘেরাও করে রাখে৷ এতে এলাকাবাসীর সঙ্গে ডাকাতদের সংঘর্ষ হয়। এ সময় ডাকাতদের দায়ের কোপে সুধন ও মানিক আহত হন৷
এলাকাবাসী ও পুলিশ আরও জানায়, একপর্যায়ে এলাকাবাসী সোহেল রানাকে আটক করলেও অন্য ডাকাতেরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী গণপিটুনি দিলে ঘটনাস্থলেই সোহেল মারা যান। খবর পেয়ে শ্রীপুর থানার পুলিশ সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন-উল কাদির দাবি করেন, এটি চুরির ঘটনা ছিল। এলাকাবাসী একজনকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই সোহেল রানা মারা যান। সোহেল রানা একটি ডাকাতি মামলার আসামি ছিলেন৷