গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় গতকাল শুক্রবার সকালে ‘গাছ দেখা গাছ চেনা’ কর্মসূচির আয়োজন করে পরিবেশবিষয়ক সংগঠন তরুপল্লব। অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ও প্রকৃতিপ্রেমী বিপ্রদাশ বড়ুয়াকে সংবর্ধনা দেওয়া হয়।
জৈনাবাজারে ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সাদাত সেলিমের বাগানবাড়িতে ওই কর্মসূচি পালিত হয়। উপস্থিত সবাইকে ওই বাগানে থাকা ২০টি নতুন গাছের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।
তরুপল্লবের সাধারণ সম্পাদক মোকারম হোসেন জানান, শুধু বই-পত্রিকা পড়ে বা টেলিভিশন দেখে প্রকৃতি ও পরিবেশের খুব কাছাকাছি যাওয়া যায় না। নতুন প্রজন্মকে নিসর্গ চেনাতে ‘সবুজে শ্যামলে বাঁচুক প্রাণ’ প্রতিপাদ্য নিয়ে তরুপল্লব এ পর্যন্ত ১৭টি ‘গাছ দেখা গাছ চেনা’ অনুষ্ঠানের আয়োজন করেছে।
গতকালের অনুষ্ঠানে বিপ্রদাশ বড়ুয়াকে উত্তরীয় পরিয়ে দেন তরুপল্লবের সভাপতি অধ্যাপক দ্বিজেন শর্মা। উপহার হিসেবে বিপ্রদাশকে আলোকচিত্র, বই, পোশাকসহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় বিপ্রদাশ বড়ুয়া বলেন, ‘প্রকৃতির একটি বড় অনুষঙ্গ সমুদ্র। তাই সমুদ্র নিয়ে আরও বেশি গবেষণা করতে হবে।’
মোকারম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্ভিদবিদ শামসুল হক, পাখি পর্যবেক্ষক ও গবেষক ইনাম আল হক, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সাদাত সেলিম, কৃষিবিদ শামসুজ্জামান প্রমুখ।