শ্রীপুরে গাড়িচাপায় নারীশ্রমিক নিহত
গাজীপুরের শ্রীপুরে গাড়িচাপায় রানু আক্তার (৩০) নামের এক নারীশ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে শ্রীপুর উপজেলার রঙ্গীলাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রানু কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দিল বাগমারা গ্রামের আলালউদ্দিনের মেয়ে। তিনি শ্রীপুরের প্যারাডাইজ স্পিনিং মিলে কাজ করতেন।
রানু আক্তারের কয়েকজন সহকর্মীর ভাষ্য, রাতের পালার কাজ শেষে সকাল ছয়টার দিকে অন্য শ্রমিকদের সঙ্গে রানু আক্তার বাসায় ফিরছিলেন। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙ্গীলাবাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় মাওনা হাইওয়ে থানা-পুলিশের পিকআপভ্যানের চাপায় ঘটনাস্থলে রানু মারা যান।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে রানুর সহকর্মী ও এলাকাবাসী সকাল সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত দেড় ঘণ্টা রঙ্গীলাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়। পরে শ্রমিকেরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ ব্যাপারে জানতে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
গাজীপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার আকবর হোসেন প্রথম আলোকে বলেন, একটি পিকআপভ্যানের চাপায় এক নারী শ্রমিক মারা গেছেন। পিকআপভ্যানটি কোন হাইওয়ে পুলিশের, এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।