শ্রীপুরে গৃহবধূর শরীরে অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীপুরের সৈলাটের পূর্বপাড়া গ্রামে তাছলিমা (২২) নামের এক গৃহবধূর শরীরে কুপিবাতির কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। গৃহবধূ বর্তমানে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার আলহেরা ক্লিনিকে চিকিৎসাধীন। আগুনে তাঁর দুটি পা ঝলসে গেছে।চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূ তাছলিমা জানান, প্রায় এক বছর আগে গাজীপুরের শ্রীপুর উপজেলার পূর্ব সৈলাট গ্রামের মাহবুবের ছেলে নাজিরুলের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে স্বামী ও শাশুড়ি যৌতুকের জন্য তাঁকে চাপ দিতে থাকেন। গৃহবধূর বাবার পরিবার দরিদ্র হওয়ায় যৌতুক দিতে অস্বীকৃতি জানায়। এর পর থেকে গৃহবধূকে তাঁর স্বামী ও শাশুড়ি স্বেচ্ছায় তালাক দিতে চাপ প্রয়োগ করেন। ২১ সেপ্টেম্বর বুধবার বেলা তিনটার দিকে যৌতুক ও তালাকের বিষয়ে কথার একপর্যায়ে শাশুড়ি নাজমা বেগম গৃহবধূকে কুপিবাতি ছুড়ে মারেন। এতে তাঁর শরীরের জামাকাপড় কেরোসিনে ভিজে যায়। এরপর দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে কেরোসিনের তেলে ভিজে যাওয়া কাপড়ে ছুড়ে মারেন। মুহূর্তেই গৃহবধূ অগ্নিদগ্ধ হলে আশপাশের বাড়ির লোকজন এসে তাঁর গায়ের আগুন নেভায়। এলাকাবাসীর পরামর্শে শাশুড়ি নাজমা বেগম গৃহবধূকে ঘটনার দিন সন্ধ্যায় মাওনা চৌরাস্তার আলহেরা ক্লিনিকে ভর্তি করেন।গৃহবধূর বাবা হাসেন আলী জানান, তিনি এলাকাবাসীর কাছে খবর পেয়ে গতকাল সকালে ক্লিনিকে এসে অগ্নিদগ্ধ মেয়েকে দেখতে পান।আলহেরা ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক মো. মেহেদী বলেন, ‘আমরা এখানে তাঁকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিচ্ছি। কিন্তু আইনি সহায়তার জন্য কোনো সরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা নেওয়া প্রয়োজন।’