গাজীপুরের শ্রীপুর উপজেলার মাধখলা গ্রামে ইশরাক স্পিনিং মিলে জেনারেটরে গ্যাস-সংযোগের সময় পাইপলাইন বিস্ফোরণে ছয়জন কর্মকর্তা-কর্মচারী দগ্ধ হয়েছেন। বিস্ফোরণের বিকট শব্দের পর আতঙ্কে সিঁড়ি দিয়ে নামার সময় আরও ১০ জন শ্রমিক আহত হন। গতকাল শুক্রবার দুপুরে ওই কারখানার তৃতীয় তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে।
গুরুতর দগ্ধ ব্যক্তিরা হলেন কারখানার বৈদ্যুতিক বিভাগের ব্যবস্থাপক ইব্রাহীম আজাদ (৪৫), ওয়ার্কশপ কর্মকর্তা দেলোয়ার হোসেন (৪০), জ্যেষ্ঠ বৈদ্যুতিক কর্মকর্তা মাসুম মিয়া (৫০), জ্যেষ্ঠ জেনারেটর কারিগর বাবুল হোসেন (৩৫), সহকারী কারিগর (ওয়ার্কশপ) নোমান মিয়া (৩২) ও শ্রমিক সুজন (৩০)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়েছে।
কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) মিকাঈল রহমান জানান, দুপুর ১২টার দিকে কারখানার তৃতীয় তলায় জেনারেটরে গ্যাস-সংযোগ দেওয়ার সময় গ্যাসের পাইপলাইনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় ছয়জন গুরুতর আহত হন। হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নামার সময় আরও ১০ শ্রমিক আহত হন। তাঁদের কারখানার ব্যবস্থাপনায় চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন।