শ্রীপুরে চার সাংবাদিককে মানহানির মামলা থেকে অব্যাহতি
গাজীপুরের শ্রীপুর উপজেলায় কর্মরত চার সাংবাদিকসহ ছয়জনকে একটি মানহানির মামলা থেকে গতকাল বৃহস্পতিবার অব্যাহতি দিয়েছেন জেলার বিচারিক হাকিম নূরে আলমের আদালত।অব্যাহতি পাওয়া সাংবাদিকেরা হলেন: প্রথম আলোর আবু বকর সিদ্দিক, দেশবাংলার মাহবুবুর রহমান, যুগান্তর-এর রায়হানুল ইসলাম ও দৈনিক খবর-এর আশরাফুল ইসলাম। অব্যাহতি পাওয়া অন্য দুজন হলেন উপজেলার টেংরা গ্রামের সামসুদ্দীন ও আবদুল খালেক।আসামিপক্ষের আইনজীবী এমদাদুল হক মাসুম জানান, তত্ত্বাবধায়ক সরকারের আমলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে খন্দকার জাহিদুল ইসলাম দায়িত্বে থাকার সময় থানার বিভিন্ন অনিয়ম, দালালদের দৌরাত্ম্য, সাধারণ মানুষের হয়রানিসহ বিভিন্ন বিষয়ে প্রায় ১৩টি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনগুলোতে শ্রীপুরের টেংরা গ্রামের কুহিনুরের নাম প্রকাশ হওয়ায় তিনি গাজীপুর জজ আদালতে চারজন সাংবাদিকের নামে একটি মানহানির মামলা করেন। মামলাটি শ্রীপুর থানার পুলিশকে তদন্তের দায়িত্ব দেন আদালত। তদন্তে প্রতিবেদনগুলো যথার্থ ছিল এবং তা প্রকাশের পর থানায় টাউট, বাটপার ও দালালদের দৌরাত্ম্য কমেছে মর্মে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়। পরে কুহিনুর আদালতে নারাজি দাখিলের পর আসামিদের সমন দেওয়া হয়। আসামিরা আদালতে আত্মসমর্পণ করে একাধিকবার হাজিরা দেন এবং অব্যাহতির আবেদন করেন।গতকাল বাদী ও আসামিপক্ষের আইনজীবীদের শুনানির পর বিচারিক হাকিম নূরে আলমের আদালত অভিযুক্ত ব্যক্তিদের মামলা থেকে অব্যাহতি দেন।