শ্রীপুরে ছাত্রলীগ-শ্রমিক লীগের গোলাগুলি
গাজীপুরের শ্রীপুরের মাওনা পল্লী বিদ্যুৎ এলাকায় গত মঙ্গলবার শ্রমিক লীগ ও ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ হয়েছে। এতে তিনজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হন।
দুপক্ষই শ্রীপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল জলিলের সমর্থক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন উল কাদির বলেন, সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষই মামলা করেনি। তবে অবৈধ অস্ত্র উদ্ধার ও বহনকারীদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, গত সোমবার শ্রীপুরের সিংদীঘি প্রাথমিক বিদ্যালয় মাঠে আবদুল জলিলের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে শত শত মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে আবদুল জলিল যোগ দেন। ওই অনুষ্ঠানে কে কতটি মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রায় যোগ দিয়েছিলেন তা নিয়ে ওই দিন উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সোলায়মান হক ও তেলিহাটী ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক সোহাগ এলিমের লোকজনের মধ্যে বাগিবতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
মাওনা পল্লী বিদ্যুৎ মোড় এলাকার গোল্ডেন পোশাক কারখানায় শ্রমিকদের খাবার সরবরাহ ও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আগে থেকেই সোলায়মান ও সোহাগের মধ্যে বিরোধ চলে আসছিল। দুপক্ষকে নিয়ে গত মঙ্গলবার বিকেলে আবদুল জলিলের বৈঠক করার কথা ছিল।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে সোহাগের পক্ষের নেতা-কর্মীরা মাওনা পল্লী বিদ্যুৎ মোড়ে জড়ো হন। এ সময় সোলায়মানের নেতৃত্বে ২৫-২৬ জন নেতা-কর্মী অস্ত্র নিয়ে গুলিবর্ষণ করেন এবং অতর্কিতে তাঁদের ধাওয়া দেন। কিছুক্ষণ পর সোহাগের লোকজন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালান। এ সময় আধা ঘণ্টাব্যাপী দুপক্ষের মধ্যে গুলিবিনিময় ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় দুপক্ষের নেতা-কর্মীরা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান। সংঘর্ষের সময় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে দুপক্ষের লোকজন পালিয়ে যান। এতে উভয় পক্ষের মাসুদ রানা, মোমেনুল হক ও আসবাউদ্দিন গুলিবিদ্ধ হন। সোহাগসহ আহত হন আরও সাতজন। তাঁদের প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আবদুল জলিল বলেন, ‘আমার সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে নয়, আধিপত্যকে কেন্দ্র করে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে বিষয়টি মীমাংসা করা হবে।’