শ্রীপুরে ছাত্রলীগের নেতাসহ পাঁচ-ছয় জনের নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার বহেরারচালা গ্রামে গত রোববার এক কলেজছাত্রীকে (১৬) কুপিয়ে জখম করার ঘটনায় ছাত্রলীগের এক নেতাসহ পাঁচ-ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওই কলেজছাত্রীর বাবা গতকাল সোমবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্রীপুর মডেল থানায় মামলাটি করেন।মামলায় শ্রীপুর পৌর ছাত্রলীগের ৯ নম্বর শাখার সাধারণ সম্পাদক ওমর ফারুক (২৩), ওমরের বাবা হাফিজুল ইসলাম মুন্সি (৪৫) ও ওমরের সহযোগী বহেরারচালা গ্রামের নূরুল হককে (২৫) আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও দু-তিনজনকে।কলেজছাত্রীর ওপর হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বিকেল চারটার দিকে শ্রীপুরের মাওনা এলাকায় পিয়ার আলী ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এতে কলেজের অভিভাবক ও জনপ্রতিনিধিরাও অংশ নেন।