শ্রীপুরে ছিনতাই করা অটোরিকশাসহ আটক ৩
গাজীপুরের শ্রীপুর উপজেলার ছাতিরবাজার এলাকা থেকে ছিনতাই করা অটোরিকশাসহ তিন যুবককে গণপিটুনির পর পুলিশে দিয়েছে এলাকাবাসী। আটক হওয়া ছিনতাইকারীরা হলেন, শ্রীপুরের ভাংনাহাটী গ্রামের আমির উদ্দিনের ছেলে ফারুক (২৫), সাতখামাইর গ্রামের আলম মিয়ার ছেলে আক্তার হোসেন (২৪) ও বরিশাল জেলার গৌরনদী উপজেলার বড় কসবা গ্রামের জালাল হাওলাদারের ছেলে এমরান চৌধুরী (২২)। ফারুক একই থানার একটি হত্যা ও ডাকাতি মামলাসহ একাধিক মামলার আসামি।শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মামুন খান জানান, যুবকেরা ৩ সেপ্টেম্বর সন্ধ্যার পর সাতখামাইর গ্রামের অটোরিকশার চালক সেলিম মিয়ার অটোরিকশা ভাড়া করে শ্রীপুরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান। রাত আটটার দিকে যুবকেরা স্থানীয় টেংরা-মাওনা সড়কের নির্জন স্থানে অটোরিকশা থামাতে বলে চালক সেলিমকে মারধর করে ওই স্থানে ফেলে রেখে অটোরিকশা নিয়ে এমসিএ বাজার-টেংরা সড়কে পালিয়ে যান। গাড়ির বেপরোয়া গতি দেখে ওই সড়কের ছাতিরবাজার এলাকাবাসী বাইসাইকেল ও কাঠের তৈরি বেঞ্চ রেখে সড়কে বাধার সৃষ্টি করে। বাধা উপেক্ষা করে পালিয়ে যাওয়ার সময় বাজারের পূর্ব পাশের গতিরোধকে অটোরিকশাটি উল্টে যায়। এ সময় অটোরিকশার ভেতর থেকে বের হয়ে যুবকেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাঁদের দৌড়ে ধরে পিটুনি দিয়ে পুলিশে খবর দেয়।