শ্রীপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে তিন যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুরে গত শুক্রবার রাতে অটোরিকশা ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে তিন যুবকের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।
নিহত ব্যক্তি হলেন: শ্রীপুরের বরমী ইউনিয়নের সোহাদিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে নূরুল ইসলাম (৩০)। অন্য দুইজনের পরিচয় পাওয়া যায়নি। তাঁদের বয়স ২৫-২৬ বছর।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার একই ইউনিয়নের শিলাশ্বর গ্রামের একটি রাস্তার পাশে শুক্রবার দিবাগত রাত একটার দিকে নূরুল ইসলাম তাঁর দুই সহযোগীকে নিয়ে একটি অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করেন। এ খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী ডাকাত বলে চিৎকার শুরু করেন। সেই চিৎকার শুনে আশপাশের লোকজন বেরিয়ে এসে তিন যুবককে ধাওয়া করেন। তাঁরা প্রায় এক কিলোমিটার দূরে পার্শ্ববর্তী সোহাদিয়া গ্রামে গিয়ে তিন যুবককে আটক করতে সক্ষম হন। পরে ওই তিনজনকে হাত-পা বেঁধে গণপিটুনি দেন লোকজন। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। খবর পেয়ে শ্রীপুর মডেল থানা পুলিশ গতকাল শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান জানান, নিহত নূরুল ইসলামের বিরুদ্ধে সম্প্রতি মো. জসীম উদ্দিন নামে এক অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে শ্রীপুর ও নারায়ণগঞ্জ থানায় একাধিক মামলা হয়েছে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন উল কাদির জানান, গণপিটুনিতে তিন যুবকের মৃত্যুর ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।