শ্রীপুরে ছয়টি বাড়িতে ভাঙচুর লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের নবগ্রাম গ্রামে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা আবদুল হালিমের সমর্থকদের ছয়টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত শুক্রবার দুপুরে আওয়ামী লীগের স্থানীয় নেতা ইউসুফ আলীর সমর্থকেরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে জুমার নামাজ চলাকালে ইউসুফ আলীর সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষ আবদুল হালিমের সমর্থক আকুল মোল্লা, মনসুর আলী, মো. বদিয়ার রহমান, সিদ্দিক মোল্লা, রওশন আলী ও আবদুর রাজ্জাকের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আবদুল হালিম বলেন, জুমার নামাজ চলার সময় ইউসুফের লোকজন অতর্কিতভাবে বাড়িঘরে হামলা চালান। ইউসুফ আলী বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। তবে দুই দিন আগে আমার পক্ষের কয়েকজনের বাড়িঘরে হামলা ও লুটপাট চালানো হয়। ওই ঘটনার জের ধরে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) খোন্দকার আবদুল মবিন বলেন, এ ঘটনায় মামলা হয়নি। তবে এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে।