শ্রীপুরে জমি অধিগ্রহণ প্রক্রিয়া বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুরে প্রস্তাবিত বিদ্যুৎ উপকেন্দ্রের জন্য ফসলি জমির অধিগ্রহণ প্রক্রিয়া বাতিল করার দাবিতে কয়েক শ কৃষক মানববন্ধন করেছেন। ওই প্রক্রিয়া বাতিল করা না হলে তাঁরা আমরণ অনশনের হুমকি দিয়েছেন।
গতকাল শনিবার সকালে শ্রীপুরের মাওনা ইউনিয়নের পাথারপাড়া গ্রামে তাঁরা মানববন্ধন করেন। কৃষকেরা অভিযোগ করেন, কয়েক হাজার একর পতিত জমি রেখে জেলা প্রশাসন তাঁদের ফসলি জমি অধিগ্রহণ করার উদ্যোগ নিয়েছে।
জমির মালিকেরা জানান, উৎপাদন বাড়াতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ২০১২ সালে শ্রীপুরের মাওনা এলাকায় একটি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের প্রকল্প গ্রহণ করে। মন্ত্রণালয়ের নির্দেশে ২০১৩ সালের ১৭ নভেম্বর গাজীপুর জেলা প্রশাসন মাওনা ইউনিয়নের পাথারপাড়া গ্রামের ৫০ বিঘা জমি অধিগ্রহণের কথা জানিয়ে জমির মালিকদের চিঠি দেয়।
অধিগ্রহণের প্রক্রিয়া বাতিল করার দাবিতে ৩০ জন জমির মালিক মিছিল নিয়ে তাঁদের জমির পাশে এসে মানববন্ধন করেন। এতে এলাকার কয়েক শ কৃষক ও আশপাশের সাত-আটটি গ্রামের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধন শেষে কৃষকেরা পাথারপাড়া-বাবুরবাজার সড়কে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে অধিগ্রহণকৃত জমিতে সমাবেশ করেন কৃষকেরা।