শ্রীপুরে জমি দখল নিয়ে সংঘর্ষে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুরে জমি দখল নিয়ে দুটি স্পিনিং মিল কারখানার লোকজনের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। গতকাল শুক্রবার সকালে শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুস সালাম (৩৫) জৈনা বাজারের মাঈনুদ্দিনের ছেলে। তিনি আরিফ স্পিনিং মিল কারখানায় রডমিস্ত্রির কাজ করতেন।

সংঘর্ষের ঘটনায় গুলশান স্পিনিং মিল কারখানার নিরাপত্তারক্ষী মো. জিয়াউল ইসলাম, আবুল খায়ের ও মো. নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান জানান, জৈনা বাজারের গুলশান স্পিনিং ও গাজীপুরের সীমান্তবর্তী ময়মনসিংহের ভালুকা উপজেলায় এন আর গ্রুপের আরিফ স্পিনিং কারখানার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গুলশান স্পিনিংয়ের দখলে থাকা বেশ কিছু জমি আরিফ স্পিনিং কর্তৃপক্ষ তাদের বলে দাবি করে আসছিল। গতকাল সকালে আরিফ স্পিনিংয়ের লোকজন ওই জমি দখল করতে গেলে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে গুলশান স্পিনিংয়ের নিরাপত্তারক্ষীদের ছোড়া গুলিতে আরিফ স্পিনিংয়ের রডমিস্ত্রি আবদুস সালাম মারা যান।

সংঘর্ষে উভয়পক্ষের আহত ব্যক্তিদের স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে শ্রীপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গুলশান স্পিনিং মিলের নিরাপত্তারক্ষীদের কাছ থেকে দুটি অস্ত্র ও ১২টি গুলি জব্দ করে। সালামের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংঘর্ষের ব্যাপারে জানতে চাইলে গুলশান স্পিনিং কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমাদের কারখানা ও আশপাশে ১৬ থেকে ১৭ বিঘা জমি রয়েছে। সেখানে আরিফ স্পিনিং কারখানার কিছু জমি থাকতে পারে। সেটা বসে সমাধান না করে গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে ৪০০ থেকে ৫০০ লোক নিয়ে আমাদের কারখানায় হামলা চালানো হয়। সংঘর্ষের একপর্যায়ে দুই পক্ষ গুলি চালায়।’

আরিফ স্পিনিং কারখানার সহকারী মহাব্যবস্থাপক কবীর হোসেন বলেন, ‘সকালে আমাদের জমিতে কাজ করতে গেলে গুলশান কারখানার লোকজন হামলা ও গুলি চালায়। এতে আমাদের কারখানার রডমিস্ত্রি সালামের বুকে গুলি লেগে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, সংঘর্ষের ঘটনায় আরিফ স্পিনিং মিল কারখানার মালিক এন আর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহজাদা বাবুল একটি হত্যা মামলা করেছেন।