শ্রীপুরে জমি দখল নিয়ে সংঘর্ষ আহত ১২
গাজীপুরের শ্রীপুর উপজেলায় গতকাল শনিবার জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১২ জন আহত হয়েছেন। চারজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আজুগীরচালা গ্রামের নুরুল ইসলামের সঙ্গে একটি জমি নিয়ে স্থানীয় আমীর আলীর বিরোধ চলছিল। গতকাল সকালের দিকে নুরুল তাঁর সহযোগীদের নিয়ে ওই জমি চাষ করতে যান। আমীর এতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে বাগিবতণ্ডা চলতে থাকে। এর একপর্যায়ে বেলা দুইটার দিকে সংঘর্ষ শুরু হয়। এতে আমীরসহ অন্তত ১১ জন আহত হন। এ সময় আমীরের দুটি ঘর আগুনে পুড়ে যায়। প্রতিবেশীরা আহত ব্যক্তিদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁদের মধ্যে গুরুতর আহত চারজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতি সংঘের সভাপতি রুহুল আমীন অভিযোগ করেন, আমীরের ঘরের আগুন নেভাতে প্রতিবেশীরা এগিয়ে এলে নুরুল ও তাঁর লোকজন বাধা দেন। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সাবরিনা সারাহ জানান, গুরুতর আহত আমীর আলী, ইব্রাহীম ফরাজী, বায়েজীদ ও আফজাল হোসেনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে। যোগাযোগ করা হলে নুরুল জানান, তিনি আমীরের কাছ থেকে জমিটি কিনেছেন। তাঁরা সেখানে কাজ করতে গেলে আমীর তাঁর লোকজন নিয়ে বাধা দেন। একপর্যায়ে আমীর নিজেই তাঁর ঘরে আগুন দেন।