শ্রীপুরে ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষ, আহত ৬
গাজীপুরের শ্রীপুর উপজেলার বৈরাগীরচালা গ্রামে গতকাল শুক্রবার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন।স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল ১০টার দিকে শ্রীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম মণ্ডল ও শ্রীপুর পৌর ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান খানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষ দা ও লাঠিসোঁটা ব্যবহার করে।সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন: শ্রীপুর পৌর ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান খান (২৫), শ্রীপুর পৌর কাউন্সিলর ও পৌর জাতীয় পার্টির সভাপতি কামরুজ্জামান মণ্ডল (৪৫), জাহাঙ্গীর আলম (৩৫) ও শামীমসহ (২৩) অজ্ঞাতনামা আরও তিনজন।সূত্র জানায়, আনিসুরকে শ্রীপুরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আর জাহাঙ্গীরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম মণ্ডল বলেন, তিনি কার্যাদেশ পেয়ে আনোয়ারা মান্নান টেক্সটাইল মিলস লিমিটেড থেকে ঝুট ট্রাকে ভরে কারখানা ছেড়ে যাওয়ার সময় আনিসুরের নেতৃত্বে একদল ব্যক্তি চাঁদার দাবিতে ট্রাক বের হতে বাধা দেয়। পরে তারা দা ও লাঠি নিয়ে তাঁর লোকজনের ওপর হামলা চালায়। এ ব্যাপারে আনিসুর রহমান খান বলেন, চাঁদা দাবির অভিযোগ ভিত্তিহীন। ঝুট পরিবহনে তিনি কাউকে বাধা দেননি। তিনি বলেন, ওই সময় তিনি কয়েকজন সঙ্গী নিয়ে কারখানার সামনে দিয়ে যাচ্ছিলেন। তখন পৌর আওয়ামী লীগের সভাপতির পক্ষের লোকজন তাঁদের ওপর হামলা চালায়। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর শুনে তাঁরা ঘটনাস্থলে যান। তার আগেই দুই পক্ষ চলে যায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার আশপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় কোনো পক্ষই এখনো মামলা করেনি।