শ্রীপুরে ট্রাক ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে ভাঙচুর, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীপুরের মাওনা চৌরাস্তায় পৃথক হামলায় জাওয়াদ ট্রান্সপোর্ট এজেন্সি ও ট্রাক ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের কার্যালয় ভাঙচুর করা হয়েছে। ট্রান্সপোর্ট ও ট্রাক ড্রাইভার্স ইউনিয়নের কর্মকর্তারা এ ব্যাপারে পরস্পরবিরোধী ব্যাখ্যা দিয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। গতকাল বুধবার বেলা ১১টা ও বিকেল সাড়ে চারটায় ওই ভাঙচুরের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।জাওয়াদ ট্রান্সপোর্ট এজেন্সির মালিক আবদুল খালেক জানান, বেলা সাড়ে ১১টার দিকে পাঁচ-সাতজনের একদল লোক তাঁর ট্রান্সপোর্ট কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে তাঁকে জোর করে পাশের একটি ডোবায় চুবিয়ে রাখে। পরে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে। তারা হামলাকারীদের মধ্যে মামুন নামের এক যুবককে আটকে রাখে। এ ঘটনার পরই পুলিশ এসে মামুনকে ছাড়িয়ে নিয়ে যায়। আবদুল খালেক বাদী হয়ে কফিল উদ্দিন, স্বপন, সিজার ও আলমসহ পাঁচজনের নামে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।অন্যদিকে ট্রাক ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি মাহফুজুর রহমান জানান, সংগঠনের নিয়মিত চাঁদা উত্তোলন করতে গেলে ওই ট্রান্সপোর্টের মালিক ও তাঁর লোকজন ইউনিয়নের কর্মীদের আটকে রেখে মারধর করে। পরে বিকেল সাড়ে চারটায় ট্রান্সপোর্ট মালিকের লোকজন ট্রাক ড্রাইভার্স ইউনিয়নে হামলা করে ভাঙচুর চালায়। এ ব্যাপারে ইউনিয়নের সভাপতি মাহফুজুর রহমান বাদী হয়ে আবদুল খালেক, বাদশা মিয়া, রুহুল আমীন, সফিক, আলাউদ্দিন, শহীদুল ইসলাম, জয়নাল আবেদীন ও আলতাবের নামে শ্রীপুর থানায় পৃথক অভিযোগ দায়ের করেন।শ্রীপুর থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ কিবরিয়া দুটি অভিযোগ পাওয়ার বিষয় নিশ্চিত করেছেন। তিনি হামলাকারী ওই যুবককে উদ্ধার করার কথাও স্বীকার করেন।