শ্রীপুরে ট্রাকচাপায় শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় গতকাল শনিবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের চাপায় কারখানার এক শ্রমিক নিহত হয়েছেন। তাঁর নাম তাসমিনা আক্তার। বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মুলাইদ এলাকায় গতকাল বিকেল সাড়ে চারটার দিকে তালহা স্পিনিং মিলের ফিনিশিং বিভাগের শ্রমিক তাসমিনা (২৫) মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাসমিনার মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শত শত শ্রমিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় তাঁরা বেশ কয়েকটি বাস ভাঙচুর করেন।
গাজীপুর শিল্প পুলিশের শ্রীপুর জোনের পরিদর্শক জাকির হোসেন বলেন, নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস দিলে অন্য শ্রমিকেরা অবরোধ তুলে নেন।