শ্রীপুরে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-ময়মনসিংহ রেলপথে গাজীপুরের শ্রীপুর উপজেলার বালিয়াপাড়ায় গত মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় একটি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে অর্ধশতাধিক যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আবুল হোসেন (২৫) নামের এক ব্যক্তি ওই দিনই মারা গেছেন। ট্রেনটির ভেতরে ও ছাদে যাত্রীদের উপচেপড়া ভিড় ছিল।দুর্ঘটনার পর ভোর সাড়ে পাঁচটা থেকে বেলা দুইটা পর্যন্ত ওই পথে কোনো ট্রেন চলাচল করেনি। দুর্ঘটনার কারণ উদ্ঘাটন করতে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামীকাল তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোর সাড়ে পাঁচটায় জামালপুরগামী ৫৫ নম্বর ‘ভাওয়াল এক্সপ্রেস’ ট্রেনটি সাতখামাইর ও কাওরাইদ রেলস্টেশনের মধ্যবর্তী সুতিয়া নদীর সেতু পার হয়। এ সময় ট্রেনের মাঝামাঝি মালবাহী একটি বগি লাইনচ্যুত হলে ট্রেনটি দেড় কিলোমিটার পর্যন্ত গিয়ে থেমে যায়। ততক্ষণে একটি বগি পুরোপুরি ও দুটি বগি আংশিক লাইনচ্যুত হয়।শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক ও ট্রেনের কর্তব্যরত পুলিশের সদস্য হাবিলদার নুরুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার সময় মালবাহী বগিটির ছাদ থেকে যাত্রীদের অনেকে ছিটকে, কেউ কেউ লাফিয়ে পড়েন। আর ট্রেনের ভেতরের যাত্রীরা অতিরিক্ত ঝাঁকুনিতে আহত হন।কাওরাইদ রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার আবদুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার এক ঘণ্টা পর ট্রেনটির ইঞ্জিন সরিয়ে নেওয়া হয়। ভোর সাড়ে পাঁচটা থেকে বেলা দুইটা পর্যন্ত ওই পথে কোনো ট্রেন চলাচল করেনি। ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে রিলিফ ট্রেনের মাধ্যমে লাইনচ্যুত তিনটি বগির মধ্যে দুটি উদ্ধার করে সাতখামাইর রেলস্টেশনে নিয়ে রাখা হয়। পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগিটি লাইন থেকে সরিয়ে নিরাপদ দূরত্বে রাখা হয়েছে।রেলওয়ের ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাজমুল হোসাইন জানান, দুর্ঘটনার কারণ উদ্ঘাটন করতে রেলওয়ের বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শনের পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ২১ নভেম্বর তদন্ত প্রতিবেদন রেলওয়ে কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।